Facebook Twitter Instagram YouTube

১৭ বছর পর রূপগঞ্জের শীতলক্ষ্যায় ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ / ০
১৭ বছর পর রূপগঞ্জের শীতলক্ষ্যায় ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ

দীর্ঘ ১৭ বছর পর আবারো প্রাণ ফিরে পেল শীতলক্ষ্যা নদীর শান্ত জল। গত শনিবার (৩ অক্টোবর) দুপুরে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে আয়োজিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শুরু হয়ে কাঞ্চন ঘাট পর্যন্ত নির্ধারিত পথে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শুরুর সাথে সাথেই নদীর পরিবেশ বদলে যায়। শান্ত জলের বুক চিরে ছুটে চলা নৌকার সারি, বৈঠার ছন্দে তৈরি হওয়া ঢেউ আর মাঝিদের সম্মিলিত হুংকারে শীতলক্ষ্যা পরিণত হয়েছিল এক বিশাল লোকউৎসবের মঞ্চে। বিভিন্ন এলাকা থেকে আসা মোট ২৫টি নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাহারি সাজে সজ্জিত নৌকাগুলো যখন তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল, তখন নদীর দুই তীরে দাঁড়িয়ে থাকা হাজারো দর্শকের উল্লাস ছিল দেখার মতো।

নদীর পাড়ে উপস্থিত দর্শকদের পাশাপাশি অনেকে ছোট-বড় নৌকায় চড়েও প্রতিযোগিতা উপভোগ করেন। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে এই উৎসবের সাক্ষী হতে নদীর পাড়ে ভিড় করেন। আয়োজকদের মতে, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দীর্ঘ ১৭ বছর পর এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন ধারা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী প্রতিটি নৌকাকে বিশেষ পুরস্কার হিসেবে একটি করে রেফ্রিজারেটর দেওয়া হয় এবং সেরা তিনটি দলকে উপহার হিসেবে মোটরসাইকেল প্রদান করা হয়।

নৌকাবাইচ বাংলার নদীমাতৃক জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। একসময় যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে নৌকা ব্যবহৃত হলেও সময়ের বিবর্তনে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রসারে তা অনেকটা কমে এসেছে। তবে দীর্ঘ ১৭ বছর পর শীতলক্ষ্যার বুকে এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বাংলার পুরোনো লোকজ ঐতিহ্যের ফিরে আসার এক অনন্য দৃশ্যপট তৈরি করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin