Facebook Twitter Instagram YouTube

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন মাওলানা আহমদ বাটলা


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ / ০
পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন মাওলানা আহমদ বাটলা

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আহমদ বাটলা। রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের নিবিড় পরামর্শের ভিত্তিতে তাকে এই পদের জন্য মনোনীত করা হয়। এর আগে তিনি দীর্ঘদিন ধরে সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পরই এই নতুন শীর্ষ নেতৃত্ব নির্ধারণ করা হলো। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে নতুন আমির নিয়োগের খবরটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

তাবলিগ জামাত পাকিস্তানের সাবেক আমির মাওলানা নজরুর রহমান গত ১৬ নভেম্বর ২০২৬ সালে ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন। ২০১৮ সালের নভেম্বরে সংগঠনটির তৃতীয় আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের মৃত্যুর পর তিনি চতুর্থ আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রায় আট বছর তিনি পাকিস্তান তাবলিগের শীর্ষ আমিরের দায়িত্ব পালন করেন।

সংগঠনটির নেতৃত্বের পদে মাওলানা আহমদ বাটলার নাম এর আগেও আলোচনার শীর্ষে ছিল। ২০১৮ সালে হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর তার ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বরের একটি অসিয়তনামা সামনে আসে। ওই অসিয়তে পরবর্তী নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল—মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। পরবর্তীতে রায়বেন্ড মারকাজের মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা নজরুর রহমানকে আমির ও মাওলানা আহমদ বাটলাকে নায়েবে আমির করা হয়েছিল।

মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের সঙ্গে সম্পৃক্ত তাবলিগ জামাতের একজন অত্যন্ত প্রবীণ ও জ্যেষ্ঠ মুরব্বি। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাবলিগ জামাতের ‘বিশ্ব শূরা’র অন্যতম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইলমি অঙ্গনে তিনি শায়খুল হাদিস হিসেবে সুপরিচিত। তার বয়ান ও আলোচনায় মূল নজর দেওয়া হয় দীনের দাওয়াত, আত্মশুদ্ধি এবং আমলের প্রতি। অতি সম্প্রতি রায়বেন্ডে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব ইজতেমায় আসরের নামাজের পর উদ্বোধনী বা প্রথম বয়ান পেশ করেছিলেন মাওলানা আহমদ বাটলা, যেখানে তিনি তওবার প্রয়োজনীয়তা তুলে ধরে মানুষকে আল্লাহর বিধানের দিকে ফিরে আসার আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh