
কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স চার মাস ২৪ দিন পর খোলা হয়েছে। শনিবার সকাল ৭টায় এই দানবাক্সগুলো খোলার প্রক্রিয়া শুরু হয়। এরপর দানবাক্সে প্রাপ্ত টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়েছে, যেখানে দিনব্যাপী টাকা গণনার কাজ চলছে।
টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। এর মধ্যে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা রয়েছেন।
সাধারণত প্রতি তিন মাস অন্তর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস ২৪ দিন পর খোলা হয়েছে। দানের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সর্বশেষ গত ২৭ জুন দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেই সময় ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী পাওয়া যায়।
পাগলা মসজিদ কেবল মুসলমানদের কাছে নয়, বরং সব ধর্মের মানুষের কাছেই একটি আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত। ভক্তদের বিশ্বাস, এখানে একনিষ্ঠভাবে দান করলে মনের বাসনা পূরণ হয়। তাই রোগমুক্তি, উচ্চশিক্ষা বা সন্তান লাভের আশায় অনেকে এখানে টাকা, স্বর্ণালংকার, হাঁস-মুরগি ও গবাদিপশু মানত করেন।
জনশ্রুতি অনুযায়ী, এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদের জায়গায় অবস্থান নিয়েছিলেন। তার মৃত্যুর পর কবরের পাশে মসজিদটি নির্মাণ করা হয়। প্রায় আড়াইশ বছরের পুরোনো এই মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত এবং ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :