Facebook Twitter Instagram YouTube

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২ ও আহত অর্ধশতাধিক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ /
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২ ও আহত অর্ধশতাধিক

বলিভিয়ার লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌর এলাকার একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ঘটা এই ঘটনায় অন্তত দুজন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে সামরিক স্থাপনার ওই অংশে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত আতশবাজি ও পাইরোটেকনিক সামগ্রীর মজুত থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এর আগে ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, মৃতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে এবং আহত হয়েছেন ৬২ জন। আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে এক কিশোরী গুরুতর দগ্ধ অবস্থায় রয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় সামরিক কমপ্লেক্সের আশপাশের অনেক বাড়িঘরের জানালার কাচ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করে উদ্ধারকাজ চালানো হয়েছে। দমকলকর্মীরা সতর্ক করেছেন যে, এখনো সেখানে তাপের উৎস থাকতে পারে, যা নতুন করে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করছে। স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy