
ভারতের রাজধানী দিল্লিতে একটি ছয়তলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবার কর্মীরা। বর্তমানে উদ্ধারকারীরা সময়ের সাথে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটি ৭৫ শয্যার একটি পেয়িং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ‘হোস্টেল ডেজ’ নামের এই পুরুষদের পিজিটিতে ঘটনার সময় অন্তত ৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন। রবিবার ছুটির দিন হওয়ায় শিক্ষার্থীদের বড় একটি অংশ সে সময় ভবনের ভেতরেই ছিল বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত একজন শিক্ষার্থী জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শোনা যাচ্ছে। এখন পর্যন্ত মোট ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকারী দল ও যন্ত্রপাতির অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে হাত দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :