Facebook Twitter Instagram YouTube

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ / ০
সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় হতাহতদের মধ্যে যাদের অবস্থা সামান্য থেকে গুরুতর, তাদের সবাইকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে দিনের শুরুতে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টার সময় সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ধ্বংস করেছে। ওই ঘটনায় দুইজন নিহত হয়েছিলেন। ইয়েমেনের হুতি বাহিনীর সঙ্গে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত তীব্র হওয়ার পর থেকে দেশটির বিমানবন্দরগুলো লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটছে। দাম্মামের এই হামলা সেই ধারাবাহিকতারই অংশ।

এর আগে গত ১১ই অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। তার আগের দিন ১০ই অক্টোবর একই বিমানবন্দরে আরেকটি পৃথক হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছিলেন। হুতিদের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে অবস্থিত তাদের দূতাবাস ও মিশন থেকে কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া এই অঞ্চলের আরও কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। একই দিনে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুতিদের সম্ভাব্য পরবর্তী হামলার বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin