Facebook Twitter Instagram YouTube

শেখ হাসিনা ফিরলে ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে লাখো মানুষ অপেক্ষা করবে: দুলু


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ / ০
শেখ হাসিনা ফিরলে ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে লাখো মানুষ অপেক্ষা করবে: দুলু

জাতীয় সংসদের হুইপ ও বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১ হাজার ৮০০ ছাত্র, শ্রমিক, নারী ও শিশু হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা দেশে ফিরলে তার ফাঁসির আদেশ নিয়ে সোনামসজিদ, যশোর, লালমনিরহাট, জয়পুরহাট ও বাংলাবান্ধাসহ দেশের বিভিন্ন সীমান্তে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ লাখ লাখ মানুষ তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করবে। দেশের মাটিতেই তার বিচার নিশ্চিত করতে হবে বলে জোর দাবি জানান তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও হত্যার প্রতিবাদে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ থেকে গত ১৫ বছরে নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুসহ তাঁর ১০ জন নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যার অভিযোগ তোলেন দুলু। এ ছাড়া ২০০৮ সালের নির্বাচনে তাঁকে আটকে রেখে তাঁর স্ত্রীর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, ওই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আসার প্রস্তাব দেওয়া হলেও তিনি শর্ত মেনে ক্ষমতা নিতে রাজি হননি।

সমাবেশে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে টেনে জাতীয় সংসদের এই হুইপ বলেন, দীর্ঘ ২০-২২ বছর পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং স্বাধীনতার পর এবারই প্রথম কোনো ধরনের সংঘাত বা প্রাণহানি ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। বিগত সরকারের সময়ে লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো বন্ধ হয়নি। প্রতি মাসে এসব ব্যবসার আয় ও ভাড়ার টাকা ভারতে পাচার করা হচ্ছে, যা দিয়ে দেশে ককটেল-বোমা হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতা চালানো হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও পুলিশকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান দুলু। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের ভাগ্যের পরিবর্তন ও ঢাকার যানজটসহ নাগরিক সমস্যা নিরসনে দিনরাত পরিশ্রম করছেন উল্লেখ করে তিনি বলেন, এসব উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্র চলছে।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ ও সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াতে ইসলামী, এনসিপিসহ দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এছাহাক আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্বাস আলীর সঞ্চালনায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য খোন্দকার আকবর হোসেন, আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য নাছিমা ইসলাম চৌধুরী এবং ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy