Facebook Twitter Instagram YouTube

ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভ, নতুন করে ১৩৫ জন গ্রেপ্তার


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ / ০
ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভ, নতুন করে ১৩৫ জন গ্রেপ্তার

ফ্রান্সজুড়ে আবারও সরকারবিরোধী বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, শনিবারের বিক্ষোভে অংশ নেয়া অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তপ্ত পরিস্থিতির কারণে এদিন অন্তত তিনটি শহরে বিক্ষোভকারীদের দমনে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

বিবিসির লাইভ প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহান্তে সংঘটিত দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে এবং জনসমাবেশে বিধিনিষেধ আরোপের পাশাপাশি বিভিন্ন স্থাপনা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় শর্তসাপেক্ষে বিক্ষোভের অনুমতি বহাল ছিল।

বিক্ষোভের আগে রাজধানী প্যারিসে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র ও গ্যাস মাস্ক জব্দ করেছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পুলিশ শহরটির পরিস্থিতি ‘শান্ত’ রয়েছে বলে দাবি করলেও, বাস্তবে রাজধানীসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের ক্ষোভ ও রাজনৈতিক অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে।

গত সপ্তাহান্তে ফ্রান্সে ব্যাপক দাঙ্গা ও লুটপাটের ঘটনায় হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় নিরাপত্তা বাহিনী ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছিল। সেই ঘটনার পর থেকে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও বিক্ষোভ থামেনি। শনিবারের এই বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো দেশে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin