Facebook Twitter Instagram YouTube

লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় সীমান্ত ছাড়ল বিএসএফ সদস্যরা


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ / ০ Views
লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় সীমান্ত ছাড়ল বিএসএফ সদস্যরা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের ধাওয়া দিয়ে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠিয়েছেন স্থানীয় বাংলাদেশি কৃষকরা। শনিবার সন্ধ্যায় বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭-এর ৪-এস নম্বর মেইন পিলারের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ঘটনার সময় বাংলাদেশি কৃষকরা নিজেদের সীমানার ভেতরেই কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ নিয়ে বিএসএফ সদস্যদের সঙ্গে কৃষকদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা লাঠিসোটা নিয়ে কৃষকদের ওপর চড়াও হলে কৃষকরাও লাঠি হাতে পাল্টা ধাওয়া দেন।

পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা পিছু হটে এবং বাংলাদেশিদের লক্ষ্য করে ককটেল, সাউন্ড বোমা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের সীমানায় পালিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশ এবং গুলি-বোমা বর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বর্তমানে বামনদল সীমান্তে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি তাদের টহল ও নজরদারি জোরদার করেছে। রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বিএসএফের দাবি, পাথর উত্তোলনকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তবে বিষয়টি নিয়ে বিজিবি তদন্ত চালাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy