
আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশকে পথশিশু ও ভিক্ষুকমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। বুধবার সকালে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।
মন্ত্রী বলেন, শিশুদের সার্বিক যত্ন ও বিকাশের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগ নিরলসভাবে কাজ করছে। পথশিশুদের কল্যাণে মন্ত্রণালয়ের একটি আলাদা বিভাগ রয়েছে এবং এই বিভাগটিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শিশুদের জন্য কেবল শিক্ষার সুযোগ নিশ্চিত করাই যথেষ্ট নয়, বরং তাদের মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদেরও এই উন্নয়নের মূলধারায় নিয়ে আসা সরকারের লক্ষ্য।
জাহিদ হোসেন আরও জানান, বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে সুবিধাপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত সব শিশুকে একই ছাতার নিচে নিয়ে আসতে চায় সরকার। শিশুদের জন্য এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে কোনো শিশু নিজেকে পিছিয়ে পড়া মনে করবে না। রাস্তায় থাকা শিশু এবং পরিবারের শিশু—উভয়ের ক্ষেত্রেই শিক্ষা, প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সমানভাবে নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠী’ শব্দটি যেন আর ব্যবহারের প্রয়োজন না হয়।
পাহাড় ও সমতলের সব ধর্ম-বর্ণ ও জাতি নির্বিশেষে সব মানুষের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করা জরুরি। শিশু নির্যাতন ও সহিংসতার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এর জন্য কেবল আইনের প্রয়োগই যথেষ্ট নয়, বরং সামাজিক সচেতনতা ও মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কেবল শিশু একাডেমি বা মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এটি দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব।
মন্ত্রী বলেন, সবাইকে একসঙ্গে কাজ করে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে শিশু থেকে প্রবীণসহ সব মানুষের বসবাসের উপযোগী পরিবেশ থাকবে। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগম।
আপনার মতামত লিখুন :