Facebook Twitter Instagram YouTube

গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ /
গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির গবেসিয়া এলাকায় ময়লার ভাগাড়ের একটি বিশাল স্তূপ ধসে পড়ার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে ভারী বৃষ্টিপাতের পর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ২টার দিকে বর্জ্যের বিশাল স্তূপটি ধসে পড়লে এর নিচে থাকা বেশ কিছু তাঁবু ও ঝুপড়িঘর চাপা পড়ে। এই ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। খননযন্ত্র ও প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ধসে পড়া বর্জ্যের স্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের জন্য নিরলস চেষ্টা চালানো হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় সাইরে দিয়ালো নামে এক নারী তার পাঁচ সন্তানকে হারিয়েছেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি জানান, তার সব সন্তানই বর্জ্যের স্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে।

গিনি সরকার এই ভাগাড়টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কয়েক দিন আগেই তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে বর্জ্য অপসারণের কাজ শুরু করার আগেই ভারী বৃষ্টির কারণে ধসের ঘটনাটি ঘটে। গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উদ্ধারকাজ সরাসরি তদারকি করছেন এবং স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য যে, বর্ষাকালে পশ্চিম আফ্রিকার ঘনবসতিপূর্ণ এবং দুর্বল অবকাঠামোর শহরগুলোতে ভারী বৃষ্টির প্রভাবে প্রায়ই ভূমিধস ও আকস্মিক বন্যার মতো দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din