
গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-র সঙ্গে কাজ না করার বিষয়ে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শনিবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম অভিযোগ করেন, গাজায় ফিলিস্তিনিদের মানবিক সহায়তা পৌঁছানো ঠেকানোর লক্ষ্যে এবং ইউএনআরডব্লিউএ-র কার্যক্রম বন্ধ করতে বোর্ডের এই অবস্থান ইসরায়েলের নীতির সঙ্গে ‘সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ’। তিনি আরও বলেন, এর মাধ্যমে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারকেও বিলুপ্ত করার পাঁয়তারা করা হচ্ছে।
এর আগে শুক্রবার বোর্ড অব পিস এক বিবৃতিতে জানায়, গাজায় ইউএনআরডব্লিউএ-র সম্পৃক্ততার বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত। বোর্ডের দাবি, ইউএনআরডব্লিউএ তাদের নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ। তারা কেবল এমন অংশীদারদের সঙ্গে কাজ করবে যারা গাজার মানুষের জন্য কার্যকর এবং অঞ্চলটিকে ‘উগ্রপন্থামুক্ত’ রাখতে ভূমিকা রাখবে। হাজেম কাসেম এর জবাবে বলেন, যুদ্ধবিরতি চুক্তি মানতে ইসরায়েলকে বাধ্য করতে না পারা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে ব্যর্থতা বোর্ড অব পিসের অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। তিনি অভিযোগ করেন, গাজায় প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও বোর্ডের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউএনআরডব্লিউএ ফিলিস্তিনি শরণার্থীদের খাদ্য, শিক্ষা ও অন্যান্য সেবা দিয়ে আসছে। ফিলিস্তিনিরা সংস্থাটিকে তাদের নিজ ভূমিতে ফেরার অধিকারের প্রতীক হিসেবে দেখে, অন্যদিকে ইসরায়েল দীর্ঘদিন ধরে এর বিলুপ্তির দাবি জানিয়ে আসছে। তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পর্দার আড়ালে বোর্ড অব পিসের সদস্যরা ইউএনআরডব্লিউএ-র সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং গাজার বাসিন্দাদের জন্য কার্যকর কর্মসূচিগুলো চালু রাখার সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে ওই কর্মকর্তা মন্তব্য করেন, ‘ইউএনআরডব্লিউএ-র সময় শেষ।’
এ বছরের শুরু পর্যন্ত ইউএনআরডব্লিউএ-র নেতৃত্ব দেওয়া ফিলিপ লাজারিনি জানান, বোর্ড অব পিসের নিয়োগ করা গাজা পরিচালনাকারী ফিলিস্তিনি প্রযুক্তিবিদদের কমিটি সংস্থাটির সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে বৃহস্পতিবার লাজারিনি এক্সে পোস্ট দিয়ে অভিযোগ করেন, ইসরায়েলি কর্তৃপক্ষ মৌলিক মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে, যা গাজাকে ফিলিস্তিনিদের বসবাসের অনুপযোগী করে রাখার বৃহত্তর পরিকল্পনার অংশ। তিনি সীমান্তপথ খুলে দেওয়ার আহ্বান জানান। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :