
রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলের পাশাপাশি আরও চার থানার পরিদর্শককে (অপারেশন ও তদন্ত) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশের তথ্য অনুযায়ী, মিরপুর মডেল থানার তদন্ত পরিদর্শক মো. রাজীব হোসেনকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, ক্যান্টনমেন্ট থানার অপারেশন সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন, মুগদা থানার তদন্ত পরিদর্শক শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এর আগে ২৬ সেপ্টেম্বর এক আলাদা আদেশে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়।
শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে, হামলা ও ভাঙচুরের সময় পুলিশের উপস্থিতি সত্ত্বেও তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়াটা প্রশ্নবিদ্ধ। এ ধরনের ঘটনা রোধ করা পুলিশের দায়িত্ব উল্লেখ করে তিনি জানান, পুলিশের পক্ষ থেকে কোনো অবহেলা ছিল কি না বা সময়মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার তদন্তে দারুসসালাম এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শনিবারের মধ্যেই প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিবেদন পাওয়ার পর কোনো পুলিশ সদস্যের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ডিএমপি কমিশনার জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :