
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত নাসিকের ২০তম সভায় বাজেট উপস্থাপন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নতুন এই বাজেটের আকার গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৩৫৬ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ১৯০ টাকা বেশি। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ছিল ৭০৪ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩২২ টাকা।
বাজেট ঘোষণার সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, এই রেকর্ড পরিমাণ বাজেট বাস্তবায়নে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সবাই কোনো উন্নয়ন কাজ আটকে থাকবে না। ইতিপূর্বে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী সিটি এলাকার উন্নয়নের জন্য ১৪ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছিলেন।
ঘোষিত বাজেটে মোট আয় ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা এবং ব্যয় ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা নির্ধারণ করা হয়েছে। বছর শেষে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকার প্রাক্কলন করা হয়েছে। রাজস্ব আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২০১ টাকা। প্রশাসক আরও জানান, নতুন করে কোনো কর আরোপ করা হবে না। বরং করের পরিধি বাড়ানো, নতুন রাজস্ব উৎস চিহ্নিতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ছাদবাগান স্থাপনকারীদের জন্য বিদ্যমান ২৭ শতাংশ কর ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ২ শতাংশ ছাড়ের সুযোগ থাকছে।
গত অর্থবছরে অবকাঠামো, পরিবেশ ও গণপরিসর উন্নয়নে বরাদ্দকৃত ১৮ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৪৯৩ টাকা ব্যয় না হওয়ায় নাগরিকরা বঞ্চিত হয়েছিলেন। নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে ৮২ কোটি টাকা করা হয়েছে। এছাড়া ৫৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ২৭টি ওয়ার্ডে ড্রেন ও সড়ক নির্মাণসহ ৮০টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। যানজট নিরসনে ২ নম্বর রেলগেট থেকে চাষাড়া পর্যন্ত বিকল্প বাইপাস সড়ক নির্মাণের কাজ চলছে এবং গুরুত্বপূর্ণ সড়ক থেকে হকার পুনর্বাসনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
জাইকা সহায়তাপুষ্ট প্রকল্পের আওতায় ১০টি উপ-প্রকল্প বাস্তবায়ন করা হবে। বৈদেশিক সহায়তায় ২০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন, ২৮০ কিলোমিটার বিতরণ পাইপলাইন ও স্মার্ট মিটার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া পানির সংকট দূর করতে ৩০টি গভীর নলকূপ ও ২৭টি ওয়ার্ডে ৫৪টি পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে জালকুড়িতে ৫৩ কোটি টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ এবং কদমরসুল এলাকায় ৭০ একর জমি অধিগ্রহণের কাজ চলছে।
বাজেট অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন স্তরের নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি বিবি রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক থেকে হকার অপসারণ ও পুনর্বাসনের কার্যক্রমও অব্যাহত রয়েছে।জাইকা সহায়তাপুষ্ট Urban Development and City Governance Project-এর আওতায় নাসিকে ১০টি উপ-প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আপনার মতামত লিখুন :