Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ / ০
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর থেকে কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিতের ঘোষণা দেওয়ার পর সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এই সিদ্ধান্তের ফলে রাশিয়া থেকে জ্বালানি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার গ্রিনিচ মান সময় রাত ২টা ২৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৯৪ সেন্ট বা ১ দশমিক ৭৭ শতাংশ কমে ১০৭ ডলার ৯২ সেন্টে নেমে আসে। এর আগে গত শুক্রবার ব্রেন্টের দাম ১৯ মে-র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ১০০ ডলার ৫৮ সেন্টে দাঁড়িয়েছে। শুক্রবার এই তেলের দাম গত বছরের ১৭ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে ছিল।

গত শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন, যার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের কারণে গত মাসে গ্রাহাম অ্যাক্টের আওতায় রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই পদক্ষেপগুলোর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব মূল্যায়নে ট্রাম্প ৬০ দিন পর্যন্ত সময় নেবেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ডিজেল রপ্তানি করবে। চলতি মাসে এর পরিমাণ ২৩ লাখ ব্যারেল দিয়ে শুরু হয়ে মাসে প্রায় ৭৬ লাখ ব্যারেলে পৌঁছানোর কথা থাকলেও বাজারে এর স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, এটি ইউক্রেনের ক্ষতি করবে।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, নিষেধাজ্ঞার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নমনীয় অবস্থান এবং সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তেলের দামের ঊর্ধ্বগতিকে আপাতত ধীর করেছে। তবে নিষেধাজ্ঞা শিথিলের শর্তাবলী স্পষ্ট না হওয়া পর্যন্ত সরবরাহ বৃদ্ধির বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা তেলের বাজারে চাপ বজায় রেখেছে। গত সপ্তাহে বাণিজ্যিক জাহাজে হামলার অন্তত ১০টি ঘটনা নিশ্চিত হওয়ার পর উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলের সরবরাহ দৈনিক ৮৫ লাখ ব্যারেলে নেমে এসেছে, যা আগের সপ্তাহে দৈনিক ২ কোটি ব্যারেলে বেশি ছিল। ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় মিশর সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। সরবরাহ পরিস্থিতি এবং ভূরাজনৈতিক উত্তেজনার পরিবর্তনের ওপরই এখন তেলের দামের পরবর্তী গতিপথ নির্ভর করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy