Facebook Twitter Instagram YouTube

পিটিআই ঠেকাতে ‘কনটেইনারাবাদ’ ইসলামাবাদ, অচল পণ্য পরিবহন


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ / ০
পিটিআই ঠেকাতে ‘কনটেইনারাবাদ’ ইসলামাবাদ, অচল পণ্য পরিবহন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে রাজধানী ইসলামাবাদকে কার্যত অবরুদ্ধ করে ফেলেছে দেশটির কর্তৃপক্ষ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও মোড়গুলোতে সারি সারি ভারী কনটেইনার বসিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপের কারণে রাজধানীর স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দেশজুড়ে পণ্য পরিবহন খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এখন ইসলামাবাদকে ‘কনটেইনারাবাদ’ বলে অভিহিত করছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামাবাদের সড়কগুলোতে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ভারী কনটেইনার বসানো হয়েছে। প্রায় চার টন ওজনের এসব কনটেইনারের কোনো কোনোটিতে বালু ভরে আরও ভারী করা হয়েছে, যাতে এগুলো সহজে সরানো না যায়। মূলত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পরিকল্পিত ইসলামাবাদমুখী আন্দোলনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে এই পরিস্থিতি চলছে। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে প্রথমে ২৭ সেপ্টেম্বর এই কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে তা পিছিয়ে ৪ অক্টোবর নির্ধারণ করা হয়।

সরকার পক্ষের দাবি, কেবল রাজনৈতিক কর্মসূচি বিবেচনা করে নয়, বরং গোয়েন্দা তথ্য ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির ওপর ভিত্তি করেই এই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই কঠোর নিরাপত্তাব্যবস্থার অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে কর্তৃপক্ষ পণ্যবোঝাইসহ ২ হাজারের বেশি যানবাহন নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এর ফলে পাঞ্জাব বা ইসলামাবাদের দিকে যাওয়ার ক্ষেত্রে ট্রাকচালকদের মনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই তাদের উত্তরমুখী যাত্রা বন্ধ করে দিয়েছেন।

এই পরিস্থিতির প্রভাব কেবল রাজধানীতেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দূরের করাচি বন্দরেও। উত্তরমুখী চলাচল বন্ধ থাকায় করাচি বন্দরে পণ্যবোঝাই কনটেইনারের বড় ধরনের জট তৈরি হয়েছে। এতে পণ্য খালাস প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। রয়টার্স জানিয়েছে, জব্দ হওয়া প্রতিটি কনটেইনারের জন্য প্রতিদিন ৩০ হাজার থেকে ৪০ হাজার পাকিস্তানি রুপি পর্যন্ত ডেমারেজ বা জরিমানা গুনতে হচ্ছে।

পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, জেহলাম, পেশোয়ার ও অ্যাটকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক চালক বিকল্প পথে যাওয়ার চেষ্টা করলেও অনেকে গন্তব্যের আগেই যাত্রা থামিয়ে দিতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে চালকদের আয় বন্ধ হয়ে গেছে, অন্যদিকে গাড়ির মালিকদের অলস বসে থাকা ট্রাকের রক্ষণাবেক্ষণ ও চালকের মজুরি বাবদ নিয়মিত খরচ গুনতে হচ্ছে।

পাকিস্তানের পরিবহন খাত এমনিতেই চরম মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দেশটিতে ভোক্তা মূল্যসূচক আগের বছরের তুলনায় ১০ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে পরিবহন মূল্যসূচক বেড়েছে ২৭ দশমিক ৪৩ শতাংশ। এমন নাজুক পরিস্থিতিতে পণ্য পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় দেশের সামগ্রিক সরবরাহব্যবস্থা ও ব্যবসায়িক খাতে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor