Facebook Twitter Instagram YouTube

সামুদ্রিক খাতের আধুনিকায়নে কার্যকর নীতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ / ০
সামুদ্রিক খাতের আধুনিকায়নে কার্যকর নীতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক এবং পরিবেশগতভাবে টেকসই জাতীয় উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব নৌ দিবস উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি সামুদ্রিক খাতের নীতিসমূহ কার্যকরভাবে বাস্তবায়ন ও পরিচালনাগত উৎকর্ষ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে সামুদ্রিক খাতের উন্নয়নের জন্য চারটি প্রধান ক্ষেত্রকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। এগুলো হলো শক্তিশালী বাস্তবায়ন প্রক্রিয়া, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশবান্ধব নৌপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং দক্ষ নাবিক তৈরির মাধ্যমে কার্যকর সামুদ্রিক সুশাসন প্রতিষ্ঠা। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) নির্ধারিত ‘নীতিকে বাস্তবে রূপ দিয়ে সামুদ্রিক খাতের উৎকর্ষ অর্জন’ প্রতিপাদ্যটি জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কেবল নীতি বা আইন প্রণয়ন নয়, বরং এর প্রয়োগ ও পরিচালনাগত উৎকর্ষই দেশের সামুদ্রিক সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম।

তারেক রহমান আরও বলেন, দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশেরও বেশি সমুদ্রপথে পরিচালিত হয়। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং বিস্তৃত নদীপথ দেশের বাণিজ্যের মেরুদণ্ড হিসেবে কাজ করছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ আইএমও’র ২৯টি সামুদ্রিক কনভেনশনে স্বাক্ষর করেছে এবং বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করেছে।

বিএনপির নির্বাচনি ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নীল অর্থনীতির উন্নয়নে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পরিবেশবান্ধব পর্যটন এবং উপকূলীয় শিল্পের মতো ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ ও সমুদ্রগামী নৌযানে কার্বন নিঃসরণ কমিয়ে নৌপরিবহন খাতে সবুজ রূপান্তর ত্বরান্বিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

২০২৬ সালকে ‘বাস্তবায়নের বছর’ হিসেবে ঘোষণা করে প্রধানমন্ত্রী চারটি বিশেষ অগ্রাধিকারের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সবুজ নৌপরিবহন ও বিশ্বমানের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ সুবিধা, স্বয়ংক্রিয় ডিজিটাল লজিস্টিক ব্যবস্থা, হাইড্রোগ্রাফি কার্যক্রম সম্প্রসারণ এবং সামুদ্রিক প্লাস্টিক দূষণ রোধের মাধ্যমে সামুদ্রিক সার্বভৌমত্ব ও প্রতিবেশ ব্যবস্থা সুরক্ষা এবং নাবিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উন্নয়ন। পরিশেষে, তিনি বন্দর কর্তৃপক্ষ, জাহাজ মালিক, নাবিক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের বৈশ্বিক মানদণ্ড মেনে জাতীয় লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin