Facebook Twitter Instagram YouTube

রাজধানীতে অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী ‘কুত্তা ফারুক’ ও তার চক্র গ্রেপ্তার


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ /
রাজধানীতে অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী ‘কুত্তা ফারুক’ ও তার চক্র গ্রেপ্তার

রাজধানীর আদাবরে অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে শীর্ষ ছিনতাইকারী ‘কুত্তা ফারুক’সহ সাত সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে আদাবরের শেখেরটেক ৭ নম্বর ব্রিজের শেষ মাথায় মজিবর মিয়ার বাড়ির পাশের ‘সি পাগল’ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), মো. সাইদ (২৪), আকাশ (২৩), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) এবং মো. নাহিদুল (২৫)। আদাবর পুলিশ জানিয়েছে, তারা কিশোর গ্যাং ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সক্রিয় সদস্য। অভিযানের সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাই ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানার ওসির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ও ছিনতাই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অপরাধ সংঘটনের আগেই চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে।

এদিকে ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় তারা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন। স্থানীয়দের মধ্যে অনেকেরই অভিযোগ, এই অপরাধীরা পুলিশের হাতে গ্রেপ্তার হলেও কিছুদিন পরই জামিনে মুক্তি পেয়ে আবারো একই অপরাধে জড়িয়ে পড়ে।