Facebook Twitter Instagram YouTube

৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ / ০
৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো জনসম্মুখে আসছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পতনের পর তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এতদিন বিভিন্ন অডিও বার্তার মাধ্যমে তার অবস্থান জানা গেলেও, এবারই প্রথম তিনি সরাসরি জনসম্মুখে এসে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

ভারতের অনলাইন সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ৫ই আগস্ট নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) এক অনুষ্ঠানের আয়োজন করেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। ইভেন্টটি ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার বিষয়ে কথা বলবেন। সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগদানের জন্য বিভিন্ন পর্যায়ের কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং সাবেক সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে ও তার সরকারের সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলি সিদ্দিকী। এছাড়াও প্যানেলে থাকছেন সাবেক ক্রিকেটার ও এমপি সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবাইদা অরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ’র পরিচালক শাহ মো. বখতিয়ার। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস (আইএপিসি) ড. ওয়াইয়েল আওয়াদ।

২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করলেও কোনো আনুষ্ঠানিক মিডিয়া বা জনসম্মুখে আসা এড়িয়ে চলেছেন। ফলে তার এই প্রথমবার প্রকাশ্যে আসার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin