Facebook Twitter Instagram YouTube

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ / ০
দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গাউটেং প্রদেশের ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে অতর্কিত এই হামলা চালায়।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, হামলাকারীরা প্রথমে পানশালার বাইরে বসে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তারা পানশালার ভেতরে প্রবেশ করে নির্বিচারে গুলিবর্ষণ অব্যাহত রাখে। দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিসের দেওয়া তথ্যানুযায়ী, এই ঘটনায় ঘটনাস্থলেই ১৩ জন পুরুষ ও চারজন নারী প্রাণ হারান। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত ঘোষণা করেন।

এই হামলায় আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অপরাধীদের গ্রেপ্তারে রোববার (২৭ সেপ্টেম্বর) ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজন সশস্ত্র ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই নৃশংস হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh