Facebook Twitter Instagram YouTube

মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ / ০
মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

টেম্বা বাভুমা ও ডেভিড মিলারের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৫ রানের পাহাড় গড়ে। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৩৩৩ রানে অলআউট হয়।

ম্যাচের শুরুটা অবশ্য দক্ষিণ আফ্রিকার জন্য সুখকর ছিল না। ইনিংসের প্রথম ওভারেই এইডেন মার্করাম শূন্য রানে সাজঘরে ফেরেন। পয়েন্টে থাকা কুপার কনলি শূন্যে ঝাঁপিয়ে পড়ে তার দুর্দান্ত একটি ক্যাচ নেন। এরপর কুইন্টন ডি কক মারমুখী হওয়ার চেষ্টা করলেও দুটি ছক্কা হাঁকিয়ে ১৫ রানেই আউট হয়ে যান। মাত্র ৩৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা।

সেই ধাক্কা সামাল দেন অধিনায়ক টেম্বা বাভুমা। ম্যাথু ব্রিটজকের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন তিনি। ব্রিটজকে ৩৪ রানে ফেরার পর ক্রিজে আসেন ডেভিড মিলার। এরপর বাভুমা ও মিলারের ব্যাটে তাণ্ডব শুরু হয়। চতুর্থ উইকেটে তারা দুজনে ১৫৬ রান যোগ করেন। বাভুমা ১১৬ বলে ১০৩ রানের একটি সংযমী ইনিংস খেলেন। অন্যদিকে, মিলার ৯৩ বলে ক্যারিয়ারসেরা ১৪২ রানের অতিমানবীয় ইনিংস উপহার দেন, যেখানে ছিল ১২টি চার ও ৯টি ছক্কা। মিলারের এই ইনিংস আসন্ন বিশ্বকাপের দলে তার জায়গা নিশ্চিত করার বার্তাও দিয়ে রাখল।

৩৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। প্রথম ১৭ ওভারেই ১৩০ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটি গড়ে তারা স্বাগতিকদের চাপে ফেলে দিয়েছিলেন। তবে বিয়র্ন ফরটুইন সেঞ্চুরির পথে থাকা মার্শকে (৮৪) বোল্ড করলে সেই জুটি ভেঙে যায়। কিছুক্ষণ পরই মার্করামের শিকার হয়ে বিদায় নেন হেডও (৮৪)। ১৫৭ রানে ২ উইকেট হারানোর পর অসিরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

শেষদিকে জ্যাক এডওয়ার্ডসের ২৫ এবং জেভিয়ার বার্টলেটের ৫০ রানের সুবাদে সপ্তম উইকেটে ৬১ রানের জুটি গড়েছিল অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকার বিশাল রানের পাহাড় টপকানো সম্ভব হয়নি তাদের পক্ষে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo