Facebook Twitter Instagram YouTube

র‍্যাবের নাম বদলানো ‘নতুন বোতলে পুরোনো মদ’: সংসদে ব্যারিস্টার নাজিবুর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ /
র‍্যাবের নাম বদলানো ‘নতুন বোতলে পুরোনো মদ’: সংসদে ব্যারিস্টার নাজিবুর

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিলটিকে ‘নতুন বোতলে পুরোনো মদ’ হিসেবে আখ্যায়িত করেছেন পাবনা-২ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন, এই বিলের মূল কাঠামোতে কোনো পরিবর্তন আনা হয়নি। যথাযথ প্রশিক্ষণ ও জবাবদিহির ব্যবস্থা না রেখে কেবল নাম পরিবর্তন করলে মূল উদ্দেশ্য সফল হবে না।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

বক্তব্যে নাজিবুর রহমান মোমেন বিগত বছরগুলোতে র‍্যাব বিলুপ্তির দাবির ইতিহাস তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের মে মাসে নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া র‍্যাবকে ‘কিলিং স্কোয়াড’ হিসেবে অভিহিত করে বাহিনীটি সংস্কারের বদলে সরাসরি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালেও তিনি র‍্যাবকে ‘ক্যানসার’ আখ্যা দিয়ে একই দাবি পুনর্ব্যক্ত করেন।

জামায়াত নেতা আরও বলেন, এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ডিসেম্বরে পুলিশ সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে র‍্যাব বিলুপ্তির সুপারিশ জমা দেয় বিএনপি। বর্তমান সংসদেও বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় চিফ হুইপ র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন। শুধু রাজনৈতিক দলগুলোই নয়, জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং গুম কমিশনও এই বাহিনী বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছিল।

নতুন এই বিলের তীব্র সমালোচনা করে নাজিবুর রহমান মোমেন বলেন, প্রস্তাবিত আইনে র‍্যাবের জনবল, কার্যালয়, ক্ষমতা, নথিপত্র, সম্পদ, চুক্তি ও যাবতীয় দায়-দায়িত্ব সরাসরি এসআরবি নামক নতুন বাহিনীর কাছে স্থানান্তরের কথা বলা হয়েছে। ফলে কার্যত শুধু সাইনবোর্ডটিই পরিবর্তিত হচ্ছে, র‍্যাবের নাম ছাড়া অন্য কোনো কিছুরই পরিবর্তন ঘটছে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din