Facebook Twitter Instagram YouTube

ক্ষমতার কাঠামোগত পরিবর্তন ছাড়া স্বৈরাচার ঠেকানো সম্ভব নয়: মামুনুল হক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ /
ক্ষমতার কাঠামোগত পরিবর্তন ছাড়া স্বৈরাচার ঠেকানো সম্ভব নয়: মামুনুল হক

দেশের বিদ্যমান রাজনৈতিক ও ক্ষমতার কাঠামোর মৌলিক পরিবর্তন ছাড়া ভবিষ্যতে ক্ষমতায় আসা যেকোনো দলই স্বৈরশাসকে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে দলটির জেলা শাখা আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা মামুনুল হক বলেন, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার কারণে যে দলই ক্ষমতায় যায়, তারাই একসময় শেখ হাসিনার মতো আচরণ করতে চায়। ক্ষমতায় যাওয়ার পাঁচ-দশ বছর পর তারাই স্বৈরাচারে রূপান্তরিত হয়। তাই শুধুমাত্র সরকার পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না, বরং রাষ্ট্র পরিচালনার পুরো কাঠামোগত পরিবর্তন জরুরি বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অন্য কোনো রাজনৈতিক দল এই দাবি থেকে সরে আসে, তবে বাংলাদেশ খেলাফত মজলিস একাই জনগণের কাছে গিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাবে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ প্রশস্ত হবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি রাখতে হবে। দেশের স্বাধীনতা ও জনগণের অধিকারের প্রশ্নে কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানান।

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ ওসমানী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা, যিনি আগামী দিনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূর হোসাইন নূরানী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din