
গ্রাহকসেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজেদের দ্বিতীয় আউটলেট চালু করেছে। ৩০ জুলাই ২০২৬ তারিখে বসুন্ধরা ব্লক-এফে ১০,২০০ বর্গফুটের এই বৃহৎ প্রিমিয়াম আউটলেটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি দেশজুড়ে স্বপ্নের ৯৭৫তম আউটলেট।
বসুন্ধরার প্লট-৬৩৩/এ, ব্লক-এফ, রোড-১৯, সাবরিনা সোবহান ৪র্থ অ্যাভিনিউতে অবস্থিত এই নতুন আউটলেটটি স্থানীয় বাসিন্দাদের জন্য কেনাকাটাকে আরও আধুনিক ও সুবিধাজনক করবে বলে আশা করা হচ্ছে। এটি বসুন্ধরা ব্লক-এফ জামে মসজিদের পাশেই অবস্থিত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, হেড অব অপারেশন (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) মো. কৌশিক রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, অনেকদিন ধরেই বসুন্ধরার এফ, এল ও এম ব্লকসহ আশপাশের বাসিন্দারা এখানে একটি স্টোর খোলার দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় গ্রাহকদের প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনা করেই এটি চালু করা হয়েছে। তিনি আরও জানান, টানা দশ বছর সেরা রিটেইল ব্র্যান্ড হওয়ার পাশাপাশি স্বপ্ন বর্তমানে দেশের সব ক্যাটাগরির ব্র্যান্ডের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে, যা গ্রাহকদের আস্থার প্রতিফলন।
নতুন এই আউটলেটে গ্রাহকরা এক ছাদের নিচে তাজা মাছ, মাংস, ফলমূল, শাকসবজি, নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রী, দুগ্ধজাত পণ্য, বেকারি, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার ও গৃহস্থালির প্রয়োজনীয় মানসম্মত পণ্য কিনতে পারবেন। আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে স্বপ্ন নিয়মিত তাদের সেবার পরিধি সম্প্রসারণ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :