Facebook Twitter Instagram YouTube

চীনের মডেলে সাজানো হবে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ / ০
চীনের মডেলে সাজানো হবে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের কারিগরি শিক্ষাব্যবস্থাকে চীনের মডেলে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান।

অনুষ্ঠানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকারের নেওয়া উদ্যোগে কিছু ত্রুটি বা ‘মিসকেস’ হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমাদের কচুয়ায় সাবেক মন্ত্রীর বাড়িতে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে, কিন্তু একটি আস্ত কলেজকে তো অন্য কোথাও সরিয়ে নেওয়া যায় না। তবে বর্তমান সরকার সব উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গড়ে তুলবে।

শিক্ষায় বহুভাষার ব্যবহারের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষায় তৃতীয় ভাষা থাকতে হবে। এই লক্ষ্যে গত আট মাসে আমরা অনেকটা এগিয়েছি। চীন থেকে শিক্ষক নিয়ে আসা হচ্ছে এবং কারিগরি শিক্ষায় চীনের টেকনিক্যাল মডেল যুক্ত করা হচ্ছে।

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাদ্রাসা শিক্ষা কিছুটা ভিন্ন ধারার হলেও তা এগিয়ে যাচ্ছে। তবে এখন থেকে স্কুল ও মাদ্রাসায় একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দক্ষ জনশক্তি তৈরি করে রেমিট্যান্স বাড়ানোর লক্ষ্যে সৌদি আরবে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। শিক্ষা মন্ত্রণালয়ের হৃদপিণ্ড বা ‘কাবাঘর’ বলা যায় ডাইরেক্টরেট অব ইনস্পেকশন অ্যান্ড অডিটকে (ডিআইএ)। এই ডিআইএ-কে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। আমার বিবেচনা ও গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী যাদের সবচেয়ে যোগ্য মনে হচ্ছে, তাদেরই ডিআইএ-তে নিয়ে আসা হচ্ছে।

নতুন বছরের পাঠ্যবই ছাপানো প্রসঙ্গে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমরা সময়মতো বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। এবারও পাঠ্যবইয়ের মান ভালো হবে বলে শতভাগ নিশ্চিত করতে পারি। সবার সহযোগিতা থাকলে সময়মতো বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। তবে কোনো মুদ্রণকারী প্রতিষ্ঠান বা প্রিন্টার্স যদি প্রতারণা করে, তবে ভবিষ্যতে তাদের আর বই ছাপার কাজ দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে স্থানীয় শিল্পের বিকাশে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের ভেবেচিন্তে কাজ করার পরামর্শ দেন।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশকে একটি বৈশ্বিক ‘এডুকেশন হাব’ বা শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ক্রস-বর্ডার এডুকেশন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে বৈশ্বিক মানদণ্ডে বিশ্বের শীর্ষ ৫০০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে শাখা খুলতে চাইলে তাদের অনুমোদন দেওয়া হবে। এ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কচুয়া অঞ্চলের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, এই এলাকার সামগ্রিক উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দক্ষ জনবল গড়তে কারিগরি ও উৎপাদনমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। কচুয়ার শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া কচুয়ার প্রতিটি খাতের সুষম উন্নয়নে ‘শ্যাডো মিনিস্টার’ ও বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy