
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার সরাসরি প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চীনের কাছে দীর্ঘদিনের মার্কিন সামরিক সরঞ্জাম রপ্তানি বিধিনিষেধ থাকা সত্ত্বেও ট্রাম্প এ ধরনের প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ। ফক্স নিউজ সানডে’তে দেয়া এক সাক্ষাৎকারে পারডিউ এ তথ্য প্রকাশ করেন।
রাষ্ট্রদূত পারডিউ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই বলে থাকেন যে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশের কাছে অস্ত্র বিক্রি করে থাকে। সেই আলোচনার এক পর্যায়ে ট্রাম্প সরাসরি শি জিনপিংকে জিজ্ঞেস করেছিলেন তিনি কিছু মার্কিন অস্ত্র কিনতে আগ্রহী কি না। তবে ঠিক কখন এই প্রস্তাব দেয়া হয়েছিল, কী ধরনের অস্ত্র নিয়ে আলোচনা হয়েছিল কিংবা শি জিনপিং এর জবাবে কী বলেছিলেন—তা রাষ্ট্রদূত স্পষ্ট করেননি।
বাস্তবিকভাবে চীনের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির পথে বড় ধরনের আইনি বাধা রয়েছে। ১৯৯০ সালের মার্কিন কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, ইউএস মিউনিশনস লিস্টে থাকা প্রতিরক্ষা সরঞ্জাম চীনের মূল ভূখণ্ডে রপ্তানিতে বিধিনিষেধ রয়েছে। যদিও প্রেসিডেন্টের জাতীয় স্বার্থসংক্রান্ত সিদ্ধান্তের সুযোগ রয়েছে, তবে কয়েক দশক ধরে এ নিষেধাজ্ঞা কার্যত বহাল আছে।
তাইওয়ান ইস্যুতে ট্রাম্পের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে পারডিউ এই প্রসঙ্গটি টেনে আনেন। তিনি দাবি করেন, পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় ট্রাম্প তাইওয়ানের জন্য উল্লেখযোগ্যভাবে বেশি অস্ত্র অনুমোদন করেছেন। এর মধ্যে গত ডিসেম্বরে অনুমোদিত ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজটি এখন পর্যন্ত ঘোষিত সবচেয়ে বড় প্যাকেজ। এ ছাড়া ১৪ বিলিয়ন ডলারের আরেকটি অস্ত্র প্যাকেজও অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যাকে ট্রাম্প দর-কষাকষির একটি হাতিয়ার হিসেবে দেখছেন।
বিশেষজ্ঞদের মতে, চীন বর্তমানে প্রচলিত অস্ত্রের প্রায় সব ক্ষেত্রেই নিজস্ব উৎপাদন সক্ষমতায় স্বয়ংসম্পূর্ণ। বিশেষ করে জাহাজ নির্মাণে চীনের শিল্প উৎপাদন ক্ষমতা যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ২৩০ গুণ বেশি বলে ধারণা করা হয়। এছাড়া ড্রোন উৎপাদনেও চীন এগিয়ে রয়েছে। যদিও প্রযুক্তিগত সক্ষমতার কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে, তবে ওয়াশিংটন তাদের সংবেদনশীল প্রযুক্তি কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের কাছে ভাগ করে নেয়ার সম্ভাবনা খুবই কম।
তবে এক চীন নীতি আনুষ্ঠানিকভাবে মেনে চললেও তাইওয়ানের প্রধান বিদেশি অস্ত্র সরবরাহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা অব্যাহত। ১৯৭৯ সালের তাইওয়ান রিলেশনস অ্যাক্টে বলা হয়েছে, তাইওয়ানকে তার পর্যাপ্ত আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পরিমাণে প্রতিরক্ষা সরঞ্জাম ও সেবা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বেইজিং তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে এবং ওয়াশিংটনের সামরিক সহায়তা বন্ধ করার দাবি বারবার জানিয়ে আসছে। চীনের দাবি, এসব অস্ত্র বিক্রি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং তাইওয়ান প্রণালিতে সম্পর্ককে অস্থিতিশীল করে তোলে।
এ ছাড়া কংগ্রেসের শুনানিতে দেয়া তথ্য অনুযায়ী, ছোট আকারের ড্রোন উৎপাদনে চীনের সক্ষমতা যুক্তরাষ্ট্রের তুলনায় ১০০ গুণেরও বেশি। ফলে যুক্তরাষ্ট্রের হাতে মূলত এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তি ও কারিগরি জ্ঞান রয়েছে, যেসব ক্ষেত্রে ওয়াশিংটন এখনো এগিয়ে। কিন্তু ঠিক এসব প্রযুক্তি ও সক্ষমতাকেই যুক্তরাষ্ট্র অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে এবং নিজের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে তা ভাগ করে নেয়ার সম্ভাবনা খুবই কম।
আপনার মতামত লিখুন :