Facebook Twitter Instagram YouTube

সাইবার সুরক্ষা আইনের খসড়া: সাংবাদিক ও অধিকারকর্মীদের উদ্বেগ


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ / ০
সাইবার সুরক্ষা আইনের খসড়া: সাংবাদিক ও অধিকারকর্মীদের উদ্বেগ

প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর কয়েকটি ধারা সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ও অধিকারকর্মীরা। বিশেষ করে অনলাইন কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা, মানহানি ও বুলিং সংক্রান্ত বিধান এবং গুজব ও ভুল তথ্য ছড়ানোর অপরাধের পাশাপাশি ডিজিটাল ডিভাইস তল্লাশি ও জব্দের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

খসড়া আইনের ৮(২) ধারায় শুধু প্রকাশিত তথ্যের ভিত্তিতে নয়, সম্ভাব্য আশঙ্কার ভিত্তিতেও অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও, কোনো ব্যক্তি বা রাষ্ট্রের জন্য ‘মানহানিকর’ বা ‘অবমাননাকর’ তথ্যও এই ধারার আওতায় আসতে পারে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

উদ্বেগের আরেকটি কারণ হলো খসড়ার ২৫ ধারা, যেখানে অনলাইন যৌন হয়রানি, ব্ল্যাকমেইল, পর্নোগ্রাফি ও শিশু যৌন নির্যাতনের মতো গুরুতর অপরাধের পাশাপাশি মানহানি, অপমান, হেয়প্রতিপন্ন করা ও বুলিংয়ের মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে।

আইন ও মানবাধিকার সংগঠন ব্লাস্ট এই ধারার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, বুলিংয়ের সংজ্ঞা ও পরিধি যদি অতিরিক্ত বিস্তৃত হয়, তাহলে রাজনৈতিক বক্তব্য, ব্যঙ্গ, ভোক্তার অভিযোগ, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ভিন্নমতের বৈধ প্রকাশও এর আওতায় চলে আসতে পারে। এ কারণে ব্লাস্ট ধারা ২৫ থেকে মানহানি ও হেয়প্রতিপন্ন করার বিষয় বাদ দেওয়ার সুপারিশ করেছে। একই সাথে, বুলিংয়ের অপরাধকে গুরুতর, ইচ্ছাকৃত ও ধারাবাহিক ডিজিটাল হয়রানি, হুমকি বা নির্যাতনের মধ্যে সীমিত করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

প্রস্তাবিত ২৬(ক) ধারায় সাইবার স্পেসে ‘গুজব’ ও ‘ভুল তথ্য’ প্রকাশ বা প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। এই অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড বা ৪০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

তবে ‘গুজব’, ‘ভুল তথ্য’, ‘ভুয়া খবর’ বা ‘বিভ্রান্তিকর তথ্যের’ মতো শব্দগুলোর সুস্পষ্ট সংজ্ঞা না থাকায় এই ধারার অপব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে। ব্লাস্টের মতে, যাচাই না করা তথ্য মানেই মিথ্যা তথ্য নয়। বিশেষ করে জরুরি পরিস্থিতি বা দ্রুত পরিবর্তনশীল ঘটনার সময় তাৎক্ষণিকভাবে কোনো তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নাও হতে পারে। এই প্রেক্ষাপটে, ব্লাস্ট ২৬(ক) ধারাটি সম্পূর্ণ বাতিলের সুপারিশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din