
ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনের দলীয় পদের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। অভ্যন্তরীণ তদন্তে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত নিয়ে নিজ নিজ পদে তাঁদের বহাল করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আনিসুর রহমান ও রবিউল হোসেন তুহিনের দলীয় পদ স্থগিত রাখা হয়েছিল। তবে সাংগঠনিক অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর কোনো ভিত্তি খুঁজে পায়নি তদন্ত কমিটি।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ প্রত্যাহার সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :