Facebook Twitter Instagram YouTube

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চাইল বাংলাদেশ


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ / ০
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চাইল বাংলাদেশ

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। এই রায়ের কপি হাতে আসার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, ২০২৩ সালে সৌদি আরবের পুলিশ অভিযুক্ত ওই দুই বাংলাদেশিকে আটক করেছিল। তবে এই সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। রায়ের কপি হাতে পেলে তাদের পরিচয় এবং দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, সৌদির বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। সৌদি সরকার নিয়মিতভাবে এসব কারাবন্দিদের তালিকা বাংলাদেশের কাছে পাঠায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকাও খতিয়ে দেখছে। তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।”

এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ মন্তব্য করেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা এবং এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবও আধাবেলার মধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি এটিকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না উল্লেখ করে বলেন, শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy