
নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সফরে নেপালের পুনর্গঠন ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ২৪ হাজার কোটি নেপালি রুপি বা প্রায় ১৫ হাজার কোটি ভারতীয় রুপির একটি বড় ধরনের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন মোদি।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থানরত বালেন্দ্র শাহর সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নেপালের উন্নয়ন নিয়ে শাহর দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রশংসনীয়। চলতি বছর নেপালের জনগণ তাকে যে ঐতিহাসিক সমর্থন দিয়েছে, তা মূলত নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন। মোদি আরও বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে শাহকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তিনি স্মরণ করিয়ে দেন যে, কয়েক মাস আগে যখন তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, তখনই তার দূরদর্শিতা ও বিচক্ষণতার স্পষ্ট আভাস পাওয়া গিয়েছিল।
ভারত ও নেপাল কেবল প্রতিবেশী নয় বরং দেশ দুটি বিশ্বাস ও বন্ধুত্বের গভীর বন্ধনে আবদ্ধ বলে উল্লেখ করেন মোদি। এ সময় নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি জানান, ভারত দীর্ঘ সময় ধরে নেপালের জ্বালানি, সার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করছে এবং বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও এই সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।
বৈঠকে বালেন্দ্র শাহ তাকে উষ্ণ আতিথেয়তা দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান। তিনি দুই দেশের সম্পর্ককে হিমালয়ের মতো অটল ও মহাসাগরের মতো বিশাল বলে বর্ণনা করেন। দুর্যোগের পর দ্রুত সহায়তার জন্য তিনি ভারতের প্রশংসা করেন এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির আওতায় জনপ্রশাসনের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করা হবে।
আপনার মতামত লিখুন :