
জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। তিনি আসামির জামিনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদনটি নামঞ্জুর করেন।
এর আগে, গত বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিন তাকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। সে সময় ধাওয়া, মারধর ও গুলিবর্ষণের ঘটনায় সাদিকুল গুরুতর আহত হন এবং তার পেটে গুলি লাগে।
আপনার মতামত লিখুন :