Facebook Twitter Instagram YouTube

দুই বছর পর মৌসুমের শুরুতেই জাবি ক্যাম্পাসে ফিরলো অতিথি পাখি


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ / ০
দুই বছর পর মৌসুমের শুরুতেই জাবি ক্যাম্পাসে ফিরলো অতিথি পাখি

কুয়াশায় মোড়া শীতের সকালে লেকের পানিতে ডানা মেলে ভেসে বেড়াচ্ছে পাখির ঝাঁক। কখনো খাবারের খোঁজে পানিকৌড়ির মতো ডুব সাঁতার, আবার কখনো একসঙ্গে আকাশে উড়াল দিয়ে কলকাকলিতে চারপাশ মুখরিত করে তোলা—এমন স্নিগ্ধ আবহেই শীতকে বরণ করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দীর্ঘ দুই বছর পর চলতি মৌসুমের একদম শুরুতেই ক্যাম্পাসের পরিবহন চত্বর ও ওয়াইল্ড রেসকিউ সেন্টার এলাকার জলাশয়গুলোতে ফিরতে শুরু করেছে এসব পরিযায়ী পাখি।

উত্তরের হিমেল হাওয়া ও শীতের তীব্রতা থেকে বাঁচতে দূরদেশ থেকে আসা এসব অতিথি পাখির সমাগমে সবুজে ঘেরা ক্যাম্পাসের জলাশয়গুলো আবার নতুন ছন্দে প্রাণবন্ত হয়ে উঠেছে। নগরজীবনের ব্যস্ততা ও কোলাহল থেকে সামান্য দূরে অবস্থিত এই ক্যাম্পাসে ভোরের আলো ফোটার আগেই লেকের পানিতে নামছে পাখির দল। শান্ত জলে সারিবদ্ধ ভেসে থাকা কিংবা ডুব দিয়ে শিকার ধরার এই অনন্য দৃশ্য উপভোগ করতে লেকপাড়ে ভিড় করছেন শিক্ষার্থীসহ প্রকৃতিপ্রেমীরা। কেউ মোবাইল বা ক্যামেরায় বন্দী করছেন পাখিদের উড়াউড়ির মুহূর্ত, আবার কেউ নীরবে উপভোগ করছেন প্রকৃতির এই রূপ।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার জানান, বিগত দুই বছর ধরে শীতের শেষের দিকে পাখির দেখা মিললেও শুরুর দিকে তাদের উপস্থিতি ব্যাপকভাবে কমে গিয়েছিল। এবার প্রশাসন ও বিগত জাকসুর যৌথ উদ্যোগে নেওয়া নানা পদক্ষেপের ফলে পরিবহন এলাকার লেকেই প্রায় ৩৫০টি পাখি এসেছে। দীর্ঘ দুই বছর পর নভেম্বরের শুরুতেই পাখির এই পুনরাগমনকে তারা নতুন একটি 'বিজয়' হিসেবে দেখছেন। শিক্ষার্থীরা মনে করছেন, পাখিদের উপযোগী পরিবেশ ধরে রাখতে পারলে প্রতি বছরই তাদের বিচরণ বৃদ্ধি পাবে।

বর্তমানে জাবির জলাশয়গুলোতে নানা প্রজাতির হাঁস ও জলচর পাখির মনোরম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে রয়েছে পাতি সরালি, বড় সরালি, নীলশির হাঁস, খুন্তে হাঁস, পাতি তিলিহাঁস, রাজহাঁস, চোখা ডুবুরি হাঁস ও পাতি ডুবুরি। পাশাপাশি কালেম, শঙ্খচিল, খোঁচা ও টিটি পাখির বিচরণও বাড়তি সৌন্দর্য যোগ করেছে। ক্যাম্পাসের পরিবহন এলাকার লেক, রংপুকুর, প্রশাসনিক ভবনের আশপাশের জলাশয়সহ নানা পয়েন্টে এখন এই পাখিদের অস্থায়ী আশ্রয় গড়ে উঠেছে।

আশির দশকের মাঝামাঝি সময় থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীতকালীন অতিথি পাখিদের অন্যতম প্রিয় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পায়, যার ফলে ক্যাম্পাসটি 'পাখিদের ক্যাম্পাস' হিসেবেও সুনাম অর্জন করে। প্রতি বছর এই পরিযায়ী পাখিদের আনাগোনা ঘিরে শিক্ষক-শিক্ষার্থী, আলোকচিত্রী ও পর্যটকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। ক্যাম্পাসের জীবনধারার সঙ্গেও জড়িয়ে থাকে পাখিদের এই স্মৃতি—কারো ক্লাসে যাওয়ার পথের সঙ্গী, আবার কারো পরীক্ষার ক্লান্তির ফাঁকে কিছুটা স্বস্তি।

তবে পাখিদের নিরাপত্তা ও স্বাভাবিক আচরণ অক্ষুণ্ণ রাখা নিয়ে কিছু উদ্বেগও দেখা দিয়েছে। লেকের পাড়ে অতিরিক্ত মানুষের ভিড়, যানবাহনের যাতায়াত, উচ্চ শব্দ এবং রাতের বেলায় মানুষের আনাগোনার কারণে পাখিরা আতঙ্কিত হয়ে অন্য জলাশয়ে চলে যাওয়ার ঝুঁকি থাকে। ইতোপূর্বেও রাতের কোলাহলে পরিবহন এলাকার লেক থেকে পাখির ঝাঁক অন্যত্র স্থানান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া জলাশয়ের চারপাশের গাছপালা কমে যাওয়া ও পরিবেশগত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শব্দদূষণ কমানো এবং নিরুপদ্রব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ক্যাম্পাসে পরিযায়ী পাখি আসা বন্ধ থাকার পর এবার নিরাপদ পরিবেশ তৈরিতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, রংপুকুরে বহু দিন পর পাখি আসায় সেই পুকুরের লিজ বাতিল করা হয়েছে। একই সঙ্গে যেসব লেকে পাখি আসে, সেসব এলাকায় উচ্চ শব্দে যেকোনো ধরনের অনুষ্ঠান বা আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অতিথি পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh