Facebook Twitter Instagram YouTube

ভারতসহ বিভিন্ন দেশের ওপর নতুন মার্কিন শুল্কের প্রস্তুতি


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ / ০
ভারতসহ বিভিন্ন দেশের ওপর নতুন মার্কিন শুল্কের প্রস্তুতি

নিজের দেশের শিল্প উৎপাদনে ভর্তুকি ও সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করার অভিযোগে ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের ওপর নতুন করে শুল্ক বসাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পদক্ষেপ নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে উঠে এসেছে। অন্যদিকে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, মঙ্গলবারই (২৪ নভেম্বর) ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে নতুন এই শুল্কের ঘোষণা প্রকাশ করতে পারে।

প্রস্তাবিত এই শুল্কের আওতায় আসতে পারে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বের বড় অর্থনীতিগুলো। ট্রাম্প প্রশাসনের পরিচালিত কয়েক মাসের তদন্ত শেষে এ পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই তদন্তের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার। তবে উদ্ভূত এসব প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউস কিংবা ইউএসটিআরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

এই প্রক্রিয়ার মূল ভিত্তি হিসেবে কাজ করছে ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারা। গত ১১ মার্চ এই ধারার অধীনে ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকির বিষয়ে তদন্ত শুরু হয়েছিল। মার্কিন এই আইনের আওতায় কোনো দেশের বাণিজ্য চর্চায় অন্যায্য আচরণের প্রমাণ পাওয়া গেলে প্রেসিডেন্ট সে দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের পূর্ণ ক্ষমতা পান।

ইউএসটিআরের সিদ্ধান্তের ফলে লক্ষ্যবস্তু হওয়া দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যের ওপরই উচ্চ হারের শুল্ক কার্যকর হতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো নির্দিষ্ট কিছু শিল্পপণ্য এ তালিকার বাইরে থাকার সম্ভাবনা রয়েছে; কারণ এসব পণ্যের ওপর জাতীয় নিরাপত্তাসংক্রান্ত আলাদা আইনের অধীনে আগেই শুল্ক আরোপ করে রাখা হয়েছে।

চূড়ান্ত শুল্কের হার কেমন হবে তা এখনো স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের প্রথম দফার শুল্ক বাতিল করার আগে ২০২৫ সালে তিনি যে ধরনের শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও একই ধরনের শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

এদিকে সম্ভাব্য এই চুক্তির আওতায় মার্কিন বাজারে নিজেদের পণ্যের শুল্ক সুবিধা বজায় রাখতে চেষ্টা করছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় যেন কম শুল্ক দিতে হয়, সেই সুবিধা আদায়ের লক্ষ্যে কাজ করছে ভারত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor