
দেশের বিমানবন্দরগুলোতে পাখি ও বন্যপ্রাণীর সৃষ্ট ঝুঁকি এড়িয়ে উড়োজাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এই লক্ষ্যে দ্রুততম সময়ে অত্যাধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট চালু করার পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বন্দুক সংগ্রহ এবং সংশ্লিষ্ট শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এই নির্দেশনাগুলো দেন। সভায় দেশের বিমানবন্দরগুলোতে নিরাপদে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বাস্তবায়নে পাখিসহ অন্যান্য বন্যপ্রাণীর আনাগোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিষদ আলোচনা করা হয়।
বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিদ্যমান সরকার দেশের এভিয়েশন খাতের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এভিয়েশন খাতের এই অগ্রযাত্রাকে অক্ষুণ্ন রাখতে উড্ডয়ন ও অবতরণের নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। সে উদ্দেশ্যে সম্প্রতি ঘটে যাওয়া বার্ড হিটের ঘটনাসমূহের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
সমস্যার টেকসই সমাধানে আধুনিক প্রযুক্তির অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন মন্ত্রী। একই সঙ্গে বিমানবন্দরে উড্ডয়ন এলাকাকে পুরোপুরি নিরাপদ (সেফ ফ্লাই জোন) রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। কাজের গতি বাড়াতে এবং সিদ্ধান্ত বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় জোরদার করতে প্রতি তিন মাস পর পর এই কমিটির নিয়মিত বৈঠক আয়োজনের নির্দেশও দেওয়া হয়।
উক্ত প্রথম সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ও বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ জাতীয় কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :