
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই নির্বাচন আয়োজনের জন্য জাতীয় বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণের দায়িত্ব কমিশনের ওপরই ন্যস্ত থাকবে এবং ইসির সঙ্গে আলোচনার পরই মন্ত্রণালয় আনুষ্ঠানিক ব্রিফিং করবে।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্কের সহায়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। প্রতিমন্ত্রী জানান, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ শেষ করতে ডেনমার্ক সহযোগিতা করবে। ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে, যার মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে আসবে। বাকি ৩ হাজার কোটি টাকা সরকার আগামী ২০ বছরে কিস্তিতে পরিশোধ করবে, যা সরকারের ওপর বড় কোনো চাপ সৃষ্টি করবে না। এই প্রকল্প বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এছাড়া, বৈঠকে ডেনমার্ক রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :