
রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের কর্মসংস্থান ও দায়িত্ব পালনে গতি ফেরাতে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সরঞ্জাম সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্যই সরকার এসব বাইসাইকেল ও বিভিন্ন পোশাক সামগ্রী প্রদান করছে। তিনি উপস্থিত সকল গ্রাম পুলিশকে জনকল্যাণমূলক কাজে এসব সরঞ্জাম সঠিক ও কার্যকরভাবে ব্যবহারের আহ্বান জানান।
বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
নতুন বাইসাইকেল ও সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি মাঠপর্যায়ে কাজের আগ্রহ ধরে রাখতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে তাদের বেতন-ভাতা বাড়ানোরও জোর দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :