
টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে সেনা হেফাজতে থাকা মিফতাহ উদ্দিন আহমেদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছিল যে, একরামুল হক হত্যা মামলায় তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে এক ‘বন্দুকযুদ্ধে’ একরামুল হক নিহত হন। টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে তিনি প্রায় ১২ বছর দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুর ঘটনাটি দীর্ঘ সময় ধরে নানা প্রশ্ন ও অভিযোগের জন্ম দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে গত রোববার রাষ্ট্রপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করে। এই মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় তৎকালীন র্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে।
রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পরের দিনই মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছিল। এছাড়া এই মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদিসহ অন্য আসামিদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিফতাহ উদ্দিন আহমেদ ও আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :