
সাভারের আশুলিয়ায় একটি ভুয়া পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের পরিচয়ের আড়ালে অবৈধভাবে নকল কনডম ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্যাকেটজাত ও মজুতের কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, প্রতিষ্ঠানটির বাইরে ‘দৈনিক অন্যায়ের চিত্র’ নামে একটি পত্রিকার সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছিল এবং একই সঙ্গে এটিকে একটি সামাজিক সংগঠন হিসেবে পরিচয় দেওয়া হতো। তবে অভিযানের সময় ভেতরে অনুমোদনহীন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী অবৈধভাবে প্যাকেটজাত ও মজুত করার সত্যতা পাওয়া যায়।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি বৈধ নয়। তিনি আরও বলেন, জব্দ করা অধিকাংশ পণ্যই পাশের দেশ থেকে অবৈধভাবে আনা হয়েছে, যা সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি ভোক্তাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। অভিযানে বিপুল পরিমাণ নকল কনডম ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ প্রায় দুই কোটি টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, একই প্রতিষ্ঠানে এর আগেও অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা ও ভবনটি সিলগালা করা হয়েছিল। পরবর্তীতে বৈধ ব্যবসা পরিচালনার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও মালিকপক্ষ সেই শর্ত ভঙ্গ করে গোপনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক ও মূল অভিযুক্ত শাহাদত হোসেন শান্তুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :