
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ চরম হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে বড় ধরনের সামরিক ও অর্থনৈতিক আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন।
লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মানার এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মহসেন রেজাই বলেন, নেতানিয়াহু তার যুদ্ধবাজ আচরণের মাধ্যমে ইসরায়েলি শাসনের পতনকে আরও ত্বরান্বিত করছেন। সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি পেলে নেতানিয়াহুকে সরাসরি ‘নরকে পাঠানো’ হবে বলে তিনি সতর্ক করেন।
মার্কিন প্রশাসনকে বিভ্রান্ত করার জন্য ইসরায়েল অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের সন্তানকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার ভুয়া তথ্য ছড়াচ্ছে ইসরায়েলি নেতৃত্ব। এর উদ্দেশ্য হলো ওয়াশিংটনকে আতঙ্কিত করে মার্কিন প্রেসিডেন্টের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাধাগ্রস্ত করা।
আঞ্চলিক উত্তেজনা ও লেবানন সীমান্ত পরিস্থিতি নিয়ে রেজাই বলেন, লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীকে হটিয়ে দেওয়া হবে। নতুন করে কোনো সংঘাত শুরু হলে তা অতীতের সব যুদ্ধকে ছাড়িয়ে যাবে এবং ইরান যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মহসেন রেজাই বলেন, সামরিক ময়দানে ব্যর্থ হয়ে এখন ওয়াশিংটন অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে। তবে এই অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে মধ্যপ্রাচ্যে মার্কিন অর্থনৈতিক সম্পদ ও স্বার্থের ওপর সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত হানা হবে। তিনি আরও যোগ করেন, যুদ্ধের মধ্যেও ইরান বিপুল পরিমাণ তেল রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। তাই কোনো অর্থনৈতিক আক্রমণ চালানো হলে যুক্তরাষ্ট্রকেই মধ্যপ্রাচ্যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।
আপনার মতামত লিখুন :