
সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল আলিম দেবহাটা উপজেলার রামনাথপুর (মাঠপাড়া) গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীরহাট বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন আব্দুল আলিম। পথিমধ্যে দেবীশহর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘কাজী এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসের (সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬) সঙ্গে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি কালীগঞ্জ থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল।
সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সাতক্ষীরা ব্লিজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :