Facebook Twitter Instagram YouTube

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসির


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ /
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের লারাক দ্বীপে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন কর্মকর্তারা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক মাসেরও বেশি সময়ের মধ্যে ইরানে এটি যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সামরিক অভিযান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, মার্কিন এই হামলায় কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি।

হামলার প্রতিক্রিয়ায় আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি বলেছেন, যুক্তরাষ্ট্র একটি ‘কৌশলগত ও মারাত্মক’ ভুল করেছে। এর জন্য তাদের অর্থনৈতিক ও সামরিক দিক থেকে চড়া মূল্য দিতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় মার্কিন বাহিনী লারাক দ্বীপে এই হামলা চালায়। ওই কর্মকর্তা আরও জানান, দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার বা উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।

বিশ্বের নৌ-পরিবহনের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি এবং এর নিকটবর্তী লারাক দ্বীপটি বর্তমানে আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার কেন্দ্রে রয়েছে। গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই জলপথের আন্তর্জাতিক নৌ-পরিবহন রুটগুলো থেকে সামুদ্রিক মাইন সরানোর কাজ শেষ করেছে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। এছাড়া গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নতুন মাইন স্থাপনকারী যেকোনো জাহাজ বা নৌযানকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo