Facebook Twitter Instagram YouTube

দেশে ভোটার সংখ্যা বেড়ে প্রায় ১২ কোটি ৮৮ লাখ


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ /
দেশে ভোটার সংখ্যা বেড়ে প্রায় ১২ কোটি ৮৮ লাখ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন যুক্ত হওয়ার ফলে দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে। নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হয়েছেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

নতুন এই তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৬৭ জন। এর আগে গত ১৪ মে প্রকাশিত তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিয়ে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ দেওয়া হয়। এরপর ৯ অগাস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তির পর ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ সম্পন্ন হয়।

ভোটকেন্দ্র চূড়ান্ত করার বিষয়েও ইসি সচিব জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকাও চূড়ান্ত হয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতি ২ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র রাখা হবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন মিলিয়ে সংসদ নির্বাচনের তুলনায় সারা দেশে ২ থেকে ৩ হাজার বেশি ভোটকেন্দ্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি পর্যায়ের নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বর্তমানে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের প্রস্তুতি চলছে, যার মধ্যে ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৫০০টি উপজেলা, ৬১ জেলা পরিষদ এবং সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গত বৃহস্পতিবার জানান, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করা সম্ভব হলে কিছু নির্বাচন বছরের শেষে এবং কিছু আগামী বছরে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, “শিডিউল যদি সেপ্টেম্বর-অক্টোবরে দিই, ইলেকশনটা আগামী বছরে চলে যাবে। আগামী বছর ইলেকশন করলে আমাকে এ বছর শিডিউল দিতে হবে।”

এদিকে, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস। সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তবে ইউএনডিপি, অন্যান্য দাতা সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা—যেমন ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেস্কো—নির্বাচন আয়োজনের কাজে সহায়তা দিয়েছে। অংশীজনরা সহযোগিতা করলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin