
জাপানের আইচি প্রিফেকচার ও নাগোয়া শহরে আয়োজিতব্য এশিয়ান গেমসের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই পূর্ণ শক্তির স্কোয়াড চূড়ান্ত করা হয়। নিয়মিত অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল এই আসরে অংশ নেবে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান অংশগ্রহণ করছে। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। সেখানে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ হবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দল, যে গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।
লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ২৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। এই ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে টাইগাররা ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর পদক নির্ধারণী ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাবে। আফগানিস্তান তাদের মূল দলের অনেক খেলোয়াড়কে বিশ্রাম দিলেও ভারত ও পাকিস্তান বাংলাদেশের মতোই তাদের প্রথম সারির দল পাঠাচ্ছে।
বাংলাদেশ দলে লিটন দাসের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আপনার মতামত লিখুন :