Facebook Twitter Instagram YouTube

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ /
টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনের পর টাঙ্গাইলে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস ও অপ্রয়োজনীয় পানি জমার স্থানগুলো পরিষ্কারের কার্যক্রমে অংশ নেন।

এর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা যেকোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে সারা দেশে একই সঙ্গে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মানুষকে সচেতন করার পাশাপাশি নিজেরাও যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর পথ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ ও জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান। এছাড়াও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin