Facebook Twitter Instagram YouTube

দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ / ০
দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান পুকুরে পড়ে সুজন মিয়া (২৬) নামে ওই ভ্যানের চালক নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ-সানান্দবাড়ী সড়কের তাড়াটিয়া হালির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় ভ্যানে থাকা এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত সুজন মিয়া পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রাজিবপুর থেকে যাত্রী নিয়ে তাড়াটিয়ার দিকে যাচ্ছিলেন সুজন। পথে তাড়াটিয়া বাজারের কাছাকাছি হালির মোড়ে পৌঁছালে ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে চালক সুজন মিয়া মারা যান। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh