
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ও এর আশপাশের এলাকায় অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে নতুন কৌশলে নাশকতার ছক কষছে। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, দলটি বর্তমানে টেস্ট কেস হিসেবে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে এবং সামনে আরও বড় নাশকতার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এসব ঘটনায় দলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হলেও তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
সর্বশেষ শনিবার দুপুর ১২টার দিকে ধানমণ্ডি ২৭ নম্বর রোডের বাটা শোরুমের সামনে প্রায় অর্ধশতাধিক মানুষ জড়ো হয়। তারা পলাতক সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ছবি সম্বলিত মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানার নিয়ে মাত্র ১০ সেকেন্ড স্লোগান দেয়। এরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুরো প্রক্রিয়াটি ভিডিও ধারণ করে ৩০ সেকেন্ডের মধ্যেই অলি-গলিতে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। গোয়েন্দারা এই ৩০ সেকেন্ডের মিশনকে নিষিদ্ধ দলটির নতুন গেরিলা কৌশল হিসেবে দেখছে। ভিডিও ধারণের পর তা টেলিগ্রামের গোপন গ্রুপের মাধ্যমে বিদেশে পাঠিয়ে দেয়া হয় এবং ককটেল বিস্ফোরণের ভিডিও পাঠালে প্রতি ভিডিওর জন্য তিন থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিকাশে দেয়া হয়।
গত এক সপ্তাহে রাজধানীর সুপ্রিম কোর্ট ফটক, শিল্পকলা একাডেমি, যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, নিউমার্কেট, বাবুবাজার, কমলাপুর স্টেশন, মগবাজার, মৎস্য ভবন মোড়, রামপুরা বিটিভি ভবন, কাফরুল, মিরপুর-১১, মধ্য বাড্ডা ও পল্লবীসহ ১২টি স্পটে ৩২টি ককটেল বিস্ফোরণ, ৯টি বাসে আগুন এবং কমলাপুরে ট্রেনে আগুন দেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জে ৯ হাজার মুখোশ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষ নেতাদের ফাঁসির রায় ঘোষণার পর থেকে এই তৎপরতা বেড়েছে।
গোয়েন্দা তথ্যানুযায়ী, নিষিদ্ধ দলের নেতাকর্মীরা তিন স্তরের গোপন ঘাঁটিতে অবস্থান করছে। প্রথম স্তরে মেস ও ছাত্রাবাসে থাকা তৃণমূল কর্মীরা মাঠ পর্যায়ে ককটেল বহন ও ঝটিকা মিছিলের জনবল সরবরাহ করছে। পুলিশের হাতে আটক হওয়া কয়েকজনের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা করে দেয়া হয়। তাদের কাছে বার্তা আসে টেলিগ্রামের গোপন গ্রুপে। দ্বিতীয় স্তরে মাঝারি সারির নেতা ও সাবেক কাউন্সিলররা স্বামী-স্ত্রী বা ব্যাচেলর পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিকল্পনা করছে। তৃতীয় স্তরে হোটেল ও লাক্সারি ফ্ল্যাটে অর্থদাতা ও শীর্ষ সমন্বয়কারীরা অবস্থান করছেন, যারা নিয়মিত হোটেল পরিবর্তন করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। গোয়েন্দা প্রতিবেদনে অন্তত ৩০-৪০ জন ব্যবসায়ী ও ঠিকাদার এই নেটওয়ার্কে অর্থায়ন করছেন বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় পুলিশ ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠায় ঢাকা মহানগর পুলিশের ক্রাইম ও গোয়েন্দা বিভাগে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। অনেক কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে এবং আরও অনেককে নজরদারিতে রাখা হয়েছে। বিদেশে পলাতক অর্ধশত কেন্দ্রীয় নেতাকে নজরদারিতে রাখার পাশাপাশি বিশেষ সোর্সদের মাধ্যমে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। গ্রেপ্তার হওয়া কর্মীদের জবানবন্দিতে সাব্বির হোসেন ও মিরাজ বিশ্বাসের মতো নেতাদের নাম উঠে এসেছে, যারা বিদেশ থেকে টেলিগ্রাম ও এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নির্দেশনা দিচ্ছেন। সম্প্রতি গুলশান থেকে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম-৩ এর সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা, যিনি আত্মগোপনে থেকেই নাশকতায় অর্থায়ন করছিলেন। নাশকতা ঠেকাতে ডিবি’র প্রতিটি বিভাগকে ১০-১২ জন অর্থদাতার তালিকা দিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
আপনার মতামত লিখুন :