
১৯৪৩ সালে এলিয়াস কানেত্তি লিখেছিলেন, “আমি বিনয়ী হতে পারি না। আমার ভেতরে অনেক কিছু জ্বলছে। পুরোনো সমাধানগুলো ভেঙে পড়ছে; নতুনগুলোর কিছুই এখনো তৈরি হয়নি। তাই আমি সব জায়গায় একসঙ্গে শুরু করি—যেন আমার সামনে আরও এক শতাব্দী পড়ে আছে।” এই দুটি বাক্যের মাঝখানেই কানেত্তির প্রকৃত স্বরটি ধরা পড়ে। তিনি একই সঙ্গে অস্থির এবং উচ্চাকাঙ্ক্ষী, আত্মসচেতন এবং আত্মমগ্ন, জ্ঞানলোভী এবং মৃত্যুভীত। তিনি পৃথিবীকে বুঝতে চান, কিন্তু শুধু বোঝা তাঁর কাছে যথেষ্ট নয়। তিনি চান সবকিছু নিজের ভেতর ধারণ করতে। যেন পৃথিবীকে সম্পূর্ণভাবে অনুভব করার জন্য তাঁর এক জীবন যথেষ্ট নয়।
১৯৩৬ সালের নভেম্বরে ভিয়েনায় হারমান ব্রখের পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে কানেত্তি যে বক্তৃতা দিয়েছিলেন, তা অন্য এক লেখকের প্রতি শ্রদ্ধা নিবেদনের চেয়েও বেশি কিছু। সেখানে তিনি আসলে নিজের লেখকসত্তার মানদণ্ড নির্ধারণ করেছিলেন। একজন মহান লেখক মৌলিক এবং তিনি তাঁর সময়কে ধারণ করেন, আবার নিজের সময়ের বিরুদ্ধেও দাঁড়ান। ব্রখকে প্রশংসা করতে গিয়ে কানেত্তি নিজের জন্যও একটি নৈতিক অবস্থান বেছে নিচ্ছিলেন। তিনি এমন লেখক হতে চেয়েছিলেন, যিনি সময়ের সঙ্গে মিশে যাবেন না, বরং তাকে প্রতিরোধ করবেন। পঞ্চাশ বছর বয়সকে কানেত্তি মনে করেছিলেন জীবনের অর্ধেক মাত্র। তখন তার নিজের বয়স একত্রিশ। মৃত্যুর প্রতি তার এই গভীর বিরাগ, দীর্ঘজীবনের প্রতি তার আকুলতা, পরবর্তী প্রায় সব লেখাতেই ফিরে এসেছে।
কানেত্তি ছিলেন এমন একজন মানুষ, যিনি অন্যের শ্রেষ্ঠত্বের সামনে নিজেকে নত করতে পারতেন। কার্ল ক্রাউসের প্রতি তার যৌবনের মুগ্ধতা নিয়ে লিখতে গিয়ে তিনি দেখিয়েছেন, একজন গুরু বা শক্তিশালী লেখকের প্রভাবের অধীনে কিছু সময় থাকা একজন গুরুতর লেখকের জন্য কতটা প্রয়োজনীয় হতে পারে। কানেত্তির কাছে শ্রদ্ধা ছিল এক ধরনের নৈতিক অনুশীলন। কাফকা সম্পর্কে তার একটি অসাধারণ বাক্য আছে: “তাকে পড়লে মানুষ ভালো হয়ে যায়—কিন্তু তার জন্য গর্ব করার কিছু থাকে না।” কাফকা ছিলেন তার সবচেয়ে গভীর সাহিত্যিক মুগ্ধতাগুলোর একটি। কারণ কাফকার লেখায় ক্ষমতার প্রতি এক ধরনের প্রত্যাখ্যান আছে। মানুষ যখন ক্ষমতার কাছে নিজেকে বড় করতে চায়, কাফকা সেখানে দেখেন সরে দাঁড়ানোর সম্ভাবনা। কানেত্তির কাছে দুর্বলতার একটি নৈতিক মর্যাদা আছে—বিশেষত যখন তা ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু কানেত্তি নিজে দুর্বল মানুষ ছিলেন না। তার আকাঙ্ক্ষা ছিল বিপুল। তিনি সবকিছু জানতে চেয়েছেন, সবকিছুকে নিজের মধ্যে ধারণ করতে চেয়েছেন। তার এই তীব্র জ্ঞানলোভের সঙ্গে আবার ক্ষমতার প্রত্যাখ্যানের একটি অদ্ভুত সম্পর্ক আছে। তিনি ক্ষমতা ঘৃণা করেন, কিন্তু জ্ঞানকে নিজের মধ্যে সঞ্চয় করার ক্ষেত্রে প্রায় ক্ষমতালিপ্সুর মতোই তীব্র। এ দ্বন্দ্বই তাকে আকর্ষণীয় করে।
তার আত্মজীবনীর প্রথম খণ্ড ‘দ্য টাং সেট ফ্রি’ আসলে এক ধরনের মুক্তির ইতিহাস। ১৯০৫ সালে বুলগেরিয়ার রুসে শহরে জন্ম। পরিবারটি ছিল সেফার্দি ইহুদি; পিতৃপরিবারের শিকড় তুরস্কে। শৈশব কেটেছে একাধিক দেশ ও ভাষার মধ্যে—বুলগেরিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি। পরে ভিয়েনা হয়ে তিনি প্যারিসে যান, তারপর লন্ডনে স্থায়ী হন। তার কাছে একটি স্থান মানে একটি ভাষা। আর বহু ভাষা জানা মানে বহু পৃথিবীর নাগরিক হওয়া। তিনি লাদিনো, বুলগেরিয়ান, জার্মান, ইংরেজি ও ফরাসি ভাষার মধ্যে বড় হয়েছেন। তার দাদা নাকি সতেরোটি ভাষা জানতেন। জন্মশহরের রাস্তায় প্রতিদিন সাত-আটটি ভাষা শোনা যেত। এই বহুভাষিক পরিবেশ তার মনে একটি গুরুত্বপূর্ণ ধারণা তৈরি করেছিল— পৃথিবী একক কোনো ভাষার সম্পত্তি নয়। কিন্তু তার চিন্তার ভাষা হয়ে উঠেছিল জার্মান। একজন ইহুদি লেখক হিসেবে তিনি নাৎসিবাদের ভয়াবহতা দেখেছেন। ১৯৩৮ সালে ভিয়েনা ছেড়ে নির্বাসনে যেতে হয়েছে। তবু তিনি জার্মান ভাষা ত্যাগ করেননি। ১৯৪৪ সালে লিখেছিলেন, “আমি জার্মান ভাষাতেই লিখব—কারণ আমি ইহুদি।” এই সিদ্ধান্তের মধ্যে এক ধরনের নৈতিক জেদ ছিল। তিনি ঘৃণার দ্বারা জার্মান সংস্কৃতিকে বিচার করতে চাননি। যে সংস্কৃতি থেকে তিনি গ্যেটে, ব্রখ, ক্রাউসের মতো লেখকদের পেয়েছেন, তাকে তিনি পরিত্যাগ করতে চাননি শুধু তার রাজনৈতিক ইতিহাসের কারণে। বরং সেই সংস্কৃতিকে এমনভাবে বহন করতে চেয়েছেন, যাতে তার ভেতরের মহৎ টিকে থাকে।
কানেত্তির প্রথম এবং একমাত্র উপন্যাস ‘অটো-দা-ফে’ প্রকাশিত হয় ১৯৩৫ সালে। এর কেন্দ্রীয় চরিত্র প্রফেসর কিয়েন—পঁচিশ হাজার বইয়ের মালিক এক সিনোলজিস্ট, যিনি নিজের বইয়ের জগতের বাইরে প্রায় কিছুই জানেন না। কিয়েনের সমস্যা বই নয়। সমস্যা হলো বইয়ের সঙ্গে তার সম্পর্ক। তিনি পৃথিবীকে নিজের মাথার ভেতর সম্পূর্ণ করে তুলতে চান। বইগুলো তার কাছে জ্ঞানের বস্তু নয়; তার নিজের মনের সম্প্রসারণ। ফলে যখন তিনি বই থেকে বিচ্ছিন্ন হন, তখন শুধু একটি গ্রন্থাগার হারান না—নিজের পৃথিবী হারান। কানেত্তি এই চরিত্রের মাধ্যমে যে জ্ঞানলোভকে উপহাস করেছেন, সেটিই আবার তার নিজের জীবনের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা। কিয়েনের পৃথিবীকে কানেত্তি তিনটি অবস্থায় ভাবেন— “একটি পৃথিবীহীন মাথা”, “একটি মাথাহীন পৃথিবী”, এবং শেষে “মাথার ভেতরের পৃথিবী”। এই ত্রিভুজের মধ্যে তার নিজের চিন্তার ছায়াও দেখা যায়। তিনি নিজেও একসময় লিখেছিলেন, তার জীবনের মরিয়া চেষ্টা হলো সবকিছু নিয়ে ভাবা—যাতে সবকিছু একটি মাথার মধ্যে এসে আবার এক হয়ে যায়। ‘অটো-দা-ফে’ তাই কেবল একজন পাগল পণ্ডিতের গল্প নয়। এটি জ্ঞানের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষার একটি ব্যঙ্গচিত্র। পৃথিবীকে বোঝার চেষ্টা কখন এমন এক আবেশে পরিণত হয়, যখন পৃথিবী থেকে নিজেকেই বিচ্ছিন্ন করে ফেলতে হয়? কানেত্তি এর উত্তর দিতে চান না।
তার পরবর্তী কাজগুলোতে এই অস্থিরতা আরও সংক্ষিপ্ত, আরও তীক্ষ্ণ রূপ নেয়। ‘ইয়ারউইটনেস’-এ তিনি পঞ্চাশ ধরনের একগুঁয়ে মানসিকতার ছোট ছোট প্রতিকৃতি তৈরি করেন। কোনো দীর্ঘ কাহিনি নেই। আছে চরিত্রের বিচিত্র মানসিক আবেশ। যেন মানুষের মনকে একটি অভিধানে সাজানোর চেষ্টা। এই ধরনের শ্রেণিবিন্যাস কানেত্তির একটি বড় বৈশিষ্ট্য। তিনি পৃথিবীকে বোঝার জন্য নাম দেন, ভাগ করেন, তুলনা করেন, নতুন সম্পর্ক তৈরি করেন। তার দীর্ঘ বই ‘ক্রাউডস অ্যান্ড পাওয়ার’ এই প্রবণতার সবচেয়ে বিশাল উদাহরণ। ‘ক্রাউডস অ্যান্ড পাওয়ার’ লেখা শুরু করার পর তিনি প্রায় পঁচিশ বছর প্রকাশনা থেকে দূরে ছিলেন। ১৯৩৮ সালের পর ১৯৬০ সালে বইটি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রায় কিছুই প্রকাশ করেননি। যেন তিনি একটি বইয়ের ভেতর পুরো শতাব্দীকে ঢুকিয়ে দিতে চেয়েছিলেন।
এই বইয়ের বিষয় জনতা ও ক্ষমতা। কিন্তু কানেত্তি প্রচলিত রাজনৈতিক ইতিহাসের পথে হাঁটেননি। তিনি শ্রেণি, জাতি বা রাষ্ট্রের ইতিহাস দিয়ে শুরু করেননি। তার আগ্রহ মানুষের দলবদ্ধ হওয়ার প্রাচীন ও প্রায় জৈবিক প্রবণতায়। তার কাছে জনতা কখনো আগুন, কখনো বৃষ্টি, কখনো বন, কখনো মৌমাছির ঝাঁক, কখনো সাপের দল। তিনি মানুষের সমষ্টিকে প্রাণীজগতের বিভিন্ন গতিবিধির সঙ্গে তুলনা করেন। জনতা চলতে পারে, থেমে যেতে পারে, ফুলে উঠতে পারে, সংকুচিত হতে পারে। তার নিজস্ব ছন্দ আছে। এখানে কোন প্রচলিত সমাজবিজ্ঞান নেই। বরং এক ধরনের অদ্ভুত কাব্যিক নৃতত্ত্ব ঘিরে ধরে। কানেত্তি ক্ষমতাকে কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে দেখেন না। তিনি ক্ষমতার গভীরতম প্রক্রিয়াটি খুঁজতে চান—কেউ আদেশ দেয়, অন্য কেউ মানে কেন? মানুষের শরীর, ভয়, আকাঙ্ক্ষা, আনুগত্য ও সমষ্টিগত আচরণের মধ্যে ক্ষমতা কীভাবে কাজ করে? এরকম ভাবনার মধ্য দিয়ে তিনি ফ্রয়েডের কাছাকাছি চলে আসেন, যদিও কানেত্তিকে কোনভাবে ফ্রয়েডীয় বলার সুযোগ নেই। ধর্ম, ভিড়, ভয়, আনুগত্য—সবকিছুকে তিনি মানুষের মানসিক জীবনের গভীর কাঠামোর সঙ্গে যুক্ত করেন। কিন্তু তার পদ্ধতি ইতিহাসনির্ভর নয়। বরং তিনি ইতিহাসকে উদাহরণ হিসেবে ব্যবহার করেন। এই কারণে তাঁর চিন্তা মার্কস বা হেগেলের বিপরীত দিকে চলে যায়। ইতিহাস তাঁর কাছে এমন কোনো ধারাবাহিক প্রক্রিয়া নয়, যার ভেতর দিয়ে মানবসমাজ নিজেকে পরিবর্তন করে। বরং ইতিহাস যেন মানুষের প্রাচীন প্রবৃত্তিগুলোর নানা প্রকাশের সংগ্রহ। তিনি ক্ষমতার বিরুদ্ধে, কিন্তু রাজনীতির নির্দিষ্ট ইতিহাস থেকে দূরে। তিনি নিপীড়িতের পাশে দাঁড়াতে চান, কিন্তু সামাজিক শ্রেণি বা ঐতিহাসিক কাঠামো দিয়ে নিপীড়নকে ব্যাখ্যা করতে অনাগ্রহী। তিনি হিটলারকে প্রায় সরাসরি নাম না নিয়েও বিশ্লেষণ করেন। তার সর্বজনীনতার আকাঙ্ক্ষা কখনো কখনো ইতিহাসের নির্দিষ্ট নিষ্ঠুরতাকে অতিরিক্ত বিমূর্ত করে ফেলেন। তবু তার ভাবনার শক্তিকে অস্বীকার করা যায় না। তিনি যে প্রশ্নটি তুলেছেন তা এখনও আমাদের পিছু ছাড়েনি— মানুষ কেন ক্ষমতার কাছে নিজেকে সমর্পণ করে? কাফকা তার কাছে এই প্রশ্নের আরেক উত্তর।
‘কাফকার আদার ট্রায়া’-এ কানেত্তি কাফকার ফেলিসে বাউয়ারের সঙ্গে সম্পর্ককে এক ধরনের নৈতিক উপাখ্যান হিসেবে পড়েছেন। কাফকার সরে দাঁড়ানো, ব্যর্থতার দিকে নিজেকে ঠেলে দেওয়া, ক্ষমতা থেকে নিজেকে প্রত্যাহার করা—এসব কানেত্তির কাছে নৈতিক তাৎপর্য বহন করে। কাফকা ছোট প্রাণীদের সঙ্গে নিজেকে তুলনা করতেন। দুর্বলতার সঙ্গে তার এই আত্মপরিচয় কানেত্তিকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। কানেত্তির কাছে ক্ষমতার সবচেয়ে নিখুঁত বিপরীত হলো ক্ষমতাহীনতা। কিন্তু তার ক্ষমতাহীনতার ধারণা রাজনৈতিক নয়; বরং অস্তিত্বগত। তিনি নিপীড়িত মানুষের বদলে প্রায়ই প্রাণীর মধ্যে ক্ষমতাহীনতার আদর্শ দেখতে পান। এখানে এসে আশ্চর্যজনকভাবে সিমোন ভেইলের সাথে তার অদৃশ্য সম্পর্ক তৈরি হয়—যদিও কানেত্তি তাকে উল্লেখ করেননি। উভয়ের চিন্তাতেই ক্ষমতার বিরুদ্ধে দুর্বলতার এক নৈতিক মর্যাদা আছে।
কানেত্তির বড় শত্রু মৃত্যু। তিনি মৃত্যুকে গ্রহণ করতে চান না। মৃত্যু তার কাছে জীবনের স্বাভাবিক সমাপ্তি নয়; বরং একটি অন্যায়। কারণ মৃত্যু মানুষের সম্ভাবনাকে মাঝপথে থামিয়ে দেয়। “আমি এখনো মৃত্যুর বিরুদ্ধে কিছু করতে পারিনি”—১৯৬০ সালে তিনি লিখেছিলেন। এই বাক্যটি রসিকতার মতো শোনাতে পারে। কিন্তু কানেত্তির কাছে তা ছিল একেবারে আক্ররিক সত্য। তিনি একশ বছর বাঁচতে চান। কেন? আরও ভালো কাজ করার জন্য নয়। আরও বেশি অনুভব করার জন্য। আরও বেশি জানার জন্য। আরও বেশি পৃথিবীকে নিজের মধ্যে ধারণ করার জন্য। এ আকাঙ্ক্ষা তাকে কেবল দীর্ঘজীবনপ্রত্যাশী করে না; বরং তাকে এক ধরনের চিরশিক্ষার্থীতে পরিণত করে। তার নোটবই তাই তার সবচেয়ে স্বাভাবিক সাহিত্যিক রূপ। সেখানে কোনো একক বিষয় নেই। বিষয় হলো “সবকিছু”। প্রবাদ, মৃত্যু, বন্ধুত্ব, ক্ষমতা, প্রেম, একাকিত্ব, সমাজের ভণ্ডামি—সবকিছু সেখানে পাশাপাশি। একটি বাক্য কখনো কয়েক পৃষ্ঠা দীর্ঘ চিন্তার দরজা খুলে দেয়, কখনো একটি ছোট বাক্যই যথেষ্ট।
কানেত্তি ছিলেন একজন “শ্রোতা”—দর্শকের চেয়ে শ্রোতা। তিনি চোখের চেয়ে কানের ওপর বেশি আস্থা রাখতেন। কারণ চোখ দূরত্ব তৈরি করে; কান অপেক্ষা করে। কানেত্তির কাছে শোনা মানে কেবল শব্দ শোনা নয়। শোনা মানে উপস্থিতিকে স্বীকার করা। ‘দ্য ভয়েসেস অব ম্যারাকেশ’-এ তিনি ভিক্ষুক, দরিদ্র, অন্ধ শিশু, প্রাণী—সবকিছুর শব্দ শুনতে চেষ্টা করেন। তিনি লিখেছিলেন, “আমি সেই পুঁটলিটির জন্য গর্বিত ছিলাম, কারণ সেটি জীবিত ছিল।” এই বাক্যের মধ্যে তার নৈতিকতা আছে। জীবন যত ক্ষীণই হোক, তার অস্তিত্বের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। তার মা তাকে বই, ভাষা ও জ্ঞানের প্রতি এই অস্থির আকাঙ্ক্ষা দিয়েছিলেন। সম্পর্কটি ছিল ভালোবাসা ও নিষ্ঠুরতার এক অদ্ভুত মিশ্রণ। তার মা মহান লেখকদের পূজা করতেন, বই নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন, মতভেদ হলে তীব্র বিতর্কে যেতেন। কানেত্তির শিক্ষা ছিল বই পড়া নয়; বইকে নিয়ে বেঁচে থাকা। কিন্তু তিনি মায়ের কাছ থেকেই নিজেকে পৃথক করলেন। তিনি বিজ্ঞান পড়লেন। প্রাণী ও আদিম সংস্কৃতি নিয়ে আগ্রহী হলেন। তিনি বললেন, “সব জাতির সব মিথকে জানা আমার জীবনের একটি গুরুতর লক্ষ্য।” এই আকাঙ্ক্ষা তাকে শেষ পর্যন্ত একটি অদ্ভুত সর্বজনীনতার দিকে নিয়ে যায়।
তবু কানেত্তির সবচেয়ে বড় অর্জন হয়তো তার জ্ঞান নয়। বরং তার মনোযোগ। তিনি আমাদের শেখাতে চান—পৃথিবীকে বোঝার আগে তাকে শুনতে হয়। মানুষের দিকে তাকানোর আগে তার কণ্ঠ শুনতে হয়। ইতিহাসের আগে উপস্থিতিকে অনুভব করতে হয়। এ কারণেই তার লেখায় এত তীব্রতা। তিনি কখনো পাঠককে আরাম করতে দেন না। যেন প্রতিটি বাক্য আমাদের ঘুম থেকে টেনে তুলতে চায়। “শেকসপিয়রকে কেউ যদি বলে, ‘আরাম করুন’—আমি সেই দৃশ্য কল্পনা করার চেষ্টা করি।” কানেত্তির এই বাক্যে তার সাহিত্যিক নৈতিকতা স্পষ্ট। তিনি আরামকে সন্দেহ করেন। আত্মতুষ্টিকে ভয় পান। চিন্তার কাজ তার কাছে শ্রম, উত্তেজনা, সতর্কতা। তবু তার চিন্তার শেষ কথা উত্তেজনা নয়। ব্রখকে প্রশংসা করতে গিয়ে কানেত্তি বলেছিলেন, একজন মহান লেখক আমাদের শেখান কীভাবে শ্বাস নিতে হয়। গ্যেটের লেখাতেও তিনি যেন শুনেছিলেন একই আহ্বান: “শ্বাস নাও।” এ অদ্ভুত এক সমাপ্তি। যে মানুষ সবকিছু জানতে চেয়েছেন, সবকিছু নিজের মাথায় ধারণ করতে চেয়েছেন, যিনি মৃত্যুর বিরুদ্ধে প্রায় অসম্ভব যুদ্ধ ঘোষণা করেছেন, তার সাহিত্য শেষ পর্যন্ত এসে দাঁড়ায় একটি খুব সাধারণ কাজের কাছে—শ্বাস নেওয়া। হয়তো এখানেই কানেত্তির সবচেয়ে গভীর শিক্ষা। জ্ঞান সংগ্রহ করা, ক্ষমতাকে বুঝতে চাওয়া, পৃথিবীকে শ্রেণিবদ্ধ করা, নিজেকে ক্রমাগত অতিক্রম করা—এসবেরও একটি সীমা আছে। কারণ সব অর্জন শেষ পর্যন্ত আরেক ধরনের বোঝা তৈরি করে। কখনো কখনো মুক্তি মানে আরও কিছু অর্জন করা নয়। মুক্তি মানে অর্জনের তাড়না থেকে সামান্য দূরে সরে দাঁড়ানো। যাকে আমরা সত্যিই প্রশংসা করি, তার শক্তিকে নিজের মধ্যে জমা করার চেষ্টা না করে, সেই প্রশংসা থেকে তৈরি হওয়া শূন্য জায়গাটিতে কিছুক্ষণ থাকা। তারপর— শুধু শ্বাস নেওয়া। কানেত্তির দীর্ঘ জীবনের, বিপুল জ্ঞানলোভের এবং ক্ষমতার বিরুদ্ধে তার অবিরাম আপত্তির শেষে এই শ্বাস নেওয়াই হয়তো সবচেয়ে শান্ত, সবচেয়ে কঠিন স্বাধীনতা।
দৈনিক এদিন অনলাইন ‘লেটার্স টু ফেলিস বাই ফ্রান্ৎস কাফকা’ বই থেকে ধারাবাহিকভাবে তার চিঠিগুলো বাংলাভাষী পাঠকদের জন্য প্রকাশ করবে। পাঠক আসুন আমরা কাফকার চিঠির মধ্য দিয়ে তার জগতে প্রবেশ করি।
আপনার মতামত লিখুন :