
পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে যাওয়ার পথে এক অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, কয়েকজন যুবক ওই নারীর পেটে লাথি মারলে তার গর্ভপাত হয় এবং পরবর্তীতে নবজাতকের মৃত্যু ঘটে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মুন্সী বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, হাবির তার অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগমকে নিয়ে অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় সোহাগ, মামুন ও শাওন তাদের অটোরিকশার গতিরোধ করেন। এ সময় হামলাকারীরা তানিয়ার স্বামী ও শ্বশুরকে মারধর শুরু করেন। একপর্যায়ে তানিয়া তাদের বাধা দিতে এগিয়ে গেলে তার পেটে লাথি মারা হয়। স্বজনদের অভিযোগ, হামলার পর তানিয়াকে প্রায় দেড় ঘণ্টা ঘটনাস্থলে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তানিয়ার গর্ভপাত হয় এবং কিছুক্ষণ পরই নবজাতকটি মারা যায়। স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :