Facebook Twitter Instagram YouTube

খুলনায় ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিল বিকাশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ / ০
খুলনায় ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিল বিকাশ

খুলনায় পরিবেশ রক্ষায় নতুন বনায়ন কর্মসূচি শুরু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। খুলনা সিটি করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে নগরের সোলার পার্ক ও লিনিয়ার পার্কে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সোলার পার্ক এলাকায় গাছ লাগানোর মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ এবং বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হেড ও ইভিপি হুমায়ুন কবিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই দীর্ঘমেয়াদী কর্মসূচির আওতায় খুলনার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ২৫ হাজার গাছ লাগানো হবে।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, যৌথ বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ এবং তা রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোন স্থানে কোন জাতের গাছ লাগানো হবে এবং সেগুলোর পরিচর্যা কীভাবে হবে, তা উদ্যোক্তারা বিশেষভাবে নজর দিচ্ছেন। তিনি আরও বলেন, সরকারি পরিকল্পনার পাশাপাশি ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বনায়ন উদ্যোগ নেওয়া জরুরি। সামাজিক সচেতনতা ছাড়া সরকারের সবুজায়নের প্রচেষ্টা সফল হওয়া কঠিন, তাই তিনি সর্বস্তরের জনগণকে এই কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দক্ষিণাঞ্চলের পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে সরকার সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে বলেন, উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। এই কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি বিকাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ডিজিটাল লেনদেনের মাধ্যমে গ্রাহকদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতেই ‘বিকাশ বন’ উদ্যোগ নেওয়া হয়েছে। বিকাশ অ্যাপ ব্যবহার করে ইউটিলিটি বিল পরিশোধ, ডিপিএস খোলা, অ্যাড মানি, ঋণ নেওয়া, মোবাইল রিচার্জ ও সেন্ড মানির মতো লেনদেন করলে গ্রাহকরা ‘গ্রিন পয়েন্ট’ পাবেন। এই পয়েন্ট জমার মাধ্যমে অ্যাপের ‘বিকাশ বন’-এ থাকা ভার্চ্যুয়াল চারাগুলো বৃক্ষে পরিণত হবে। একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে সেই ভার্চ্যুয়াল গাছের বিপরীতে বাস্তবে একটি গাছ রোপণ করবে বিকাশ, যার হালনাগাদ তথ্য গ্রাহক অ্যাপ থেকেই দেখতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo