Facebook Twitter Instagram YouTube

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৮১৭ জনের তথ্য যাচাই চলছে, জানালেন শিক্ষামন্ত্রী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ / ০
প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৮১৭ জনের তথ্য যাচাই চলছে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের মধ্যে এখনো ৮১৭ জনের নিয়োগপত্র প্রদান বাকি রয়েছে, যা নিয়ে প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক জানিয়েছেন যে, সংশ্লিষ্টদের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং যাচাই শেষে চূড়ান্তভাবে কতজন নিয়োগের জন্য বিবেচিত হবেন তা নির্ধারণ করা হবে।

সোমবার সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু মিডিয়ার বিভ্রান্তিকর সংবাদের সমালোচনা করে বলেন, বিষয়টি নিয়ে জনমনে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। চূড়ান্তভাবে ৩৩ হাজার ৮৫৪ জনের আবেদন পাওয়া গেছে। ডিপিও ইস্যু করার সময় দেখা গেছে, অনেকেই ঠিকানা পরিবর্তন করেছেন, যা পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, 'যাদের নিয়োগপত্র এখনো দেওয়া সম্ভব হয়নি, তাদের আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং বিষয়টি রিভিউ করা হচ্ছে। ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। কোনো কোনো মিডিয়া বিভ্রান্তিকর খবর প্রচার করেছে, যা অত্যন্ত দুঃখজনক। অথচ আমরা ফাইনাল চিঠি দেওয়ার প্রক্রিয়া চলমান রেখেছি।'

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor